যুক্তরাষ্ট্রপ্রবাসী হচ্ছেন প্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতার দায়ের করা শ্লীলতাহানির মামলা নিয়ে এরই মধ্যে জল যথেষ্ট ঘোলা হয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় উঠেছে বলিউডে। নিয়মিত প্রীতিকে নিয়ে খবর ছাপছে বিভিন্ন সংবাদমাধ্যম। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক খবরে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। শুধু তা-ই নয়, মীমাংসার পথেও নাকি হাঁটতে যাচ্ছেন নেস ও প্রীতি।

এ প্রসঙ্গে নেস ও প্রীতির আইনজীবীর বরাতে ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, আদালতের বাইরে নেস ও প্রীতির মধ্যে মীমাংসার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টাই চলছে। এরই মধ্যে সমঝোতার পথে হাঁটার জন্য উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা ও দর-কষাকষি শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাকমতো এগোলে শিগগির মীমাংসার পথে হাঁটবেন তাঁরা। তবে তার আগে নেসের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে হবে প্রীতিকে।

২০১১ সালে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক চুকেবুকে গেলেও এখনো কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেট দলের কর্ণধার প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া। দলটির ২৩ শতাংশ মালিকানা রয়েছে প্রীতির। তিনি দলটি থেকে নিজের অংশের মালিকানা বিক্রি করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সব ঝামেলা মিটিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

এ প্রসঙ্গে প্রীতির কাছের এক বন্ধুর ভাষ্য, ‘লস অ্যাঞ্জেলেসে বাড়ি কিনেছেন প্রীতি। বর্তমানে তিনি বেশির ভাগ সময় সেখানেই থাকেন। শুধু আইপিএল মৌসুম এলে তিনি ভারতে অবস্থান করেন। সম্প্রতি নেসের সঙ্গে প্রকাশ্য বিবাদের পর কিংস ইলেভেন পাঞ্জাব দলের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা তিনি রাখতে চান না। প্রীতি তাঁর ২৩ শতাংশ মালিকানা বিক্রি করে দিতে খুবই আগ্রহী। ঝামেলা মিটিয়ে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করতে চান তিনি।’

নেস ওয়াদিয়ার সঙ্গে প্রীতি জিনতা
নেস ওয়াদিয়ার সঙ্গে প্রীতি জিনতা



প্রসঙ্গত, শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ১২ জুন রাতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রীতি। সাবেক প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, ইচ্ছাকৃতভাবে অপমান এবং সম্ভ্রমহানিকর শব্দ প্রয়োগের অভিযোগ তোলেন প্রীতি। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করে মুম্বাই পুলিশ।

নেসের বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগে প্রীতি দাবি করেন, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন তিনি। ম্যাচ চলার সময় হঠাত্ করেই প্যাভিলিয়নে প্রীতির কাছে যান নেস। তিনি প্রীতির হাত ধরে টানাহেঁচড়া করেন এবং সবার সামনেই তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন।


অবশ্য প্রীতির এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই দাবি করেন নেস। এক বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে প্রীতির দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনায় আমি প্রচণ্ড অবাক হয়েছি।’

পরে নেস ও প্রীতির উত্তপ্ত বাগযুদ্ধের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়। ফুটেজে সাবেক এ প্রেমিক যুগলকে বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেলেও প্রীতির হাত ধরে নেস টানাহেঁচড়া করেছেন কি না, তা বোঝা যায়নি।

এ ছাড়া নেস-প্রীতির বিবাদের পেছনের কারণ সম্পর্কে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করে, গত ৩০ মে ছিল নেসের ৪৪তম জন্মদিন। ওই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেস তাঁর মা ও আত্মীয়স্বজনদের নিয়ে খেলা দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, তাঁদের জন্য বরাদ্দ করা আসন দখল করে বসে আছেন প্রীতি ও তাঁর বন্ধুরা। প্রায় ২০ মিনিট নেসের মাকে দাঁড়িয়ে থাকতে হয়। একপর্যায়ে প্রীতির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন নেস।