দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। আনিসুল হকের কাহিনি থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করছেন রোজী সেলিম। সোমবার বিকেলে তাঁর সঙ্গে যখন কথা হলো, জানালেন তিনি ওই দিন রাতে দেশের বাইরে যাচ্ছেন।কোথায় যাচ্ছেন?যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ওখানে বঙ্গমেলায় আমাকে আর শহীদুজ্জামান সেলিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে তিন দিনের এই উৎসব। এই আয়োজনে আমি একটি মঞ্চনাটকে একক অভিনয় করব। নাম কহে নারীগণ। লিখেছেন হারুন অর রশীদ, নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। ১৪ ও ১৫ জুলাই আরনেস্ট থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে। ঢাকায় এই নাটকের কোনো প্রদর্শনীর কথা তো শুনিনি।ঠিকই বলেছেন। পরীক্ষামূলক প্রদর্শনী করেছি ঘরোয়া পরিবেশে। আমাদের খুব ঘনিষ্ঠ কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী করার ইচ্ছা আছে।‘কহে নারীগণ’ নাটকের গল্প কী রকম?গ্রামের সাধারণ মেয়ে, চলচ্চিত্রের এক্সট্রা, হিন্দু গৃহবধূ, মমতাজমহল—এই চারজন নারীকে নিয়ে নাটকের গল্প। ঢাকা থেকে আর কেউ এই উৎসবে যাচ্ছেন?হ্যাঁ, রেজওয়ানা চৌধুরী বন্যা, মহিউজ্জামান চৌধুরী, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, শিমূল মুস্তাফা। হয়তো আরও কেউ যাচ্ছেন। ‘রেডিও চকলেট’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমি কিন্তু টক আচারের দারুণ ভক্ত। আমি শুটিংয়ে থাকব আর আচার থাকবে না—হতেই পারে না। সঙ্গে কাঁচা আম, জাম্বুরা, আমড়া কিংবা চালতার ভর্তা হলে তো কথাই নেই। আমার যেদিন শুটিং থাকে, সেদিন প্রোডাকশন ম্যানেজার আগে থেকেই সব জোগাড় করে এনে রেখে দেন। এগুলো যে শুধু আমি খাই, তা কিন্তু নয়; আমার সঙ্গে যাঁরা শুটিংয়ে থাকেন তাঁরাও এসে যোগ দেন। শুটিংয়ের ফাঁকে এই আচার আর ভর্তা খাওয়ার ব্যাপারটা দারুণ উপভোগ করছি।