যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের মাসব্যাপী চলচ্চিত্র উৎসব
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী বাংলাদেশি চলচ্চিত্রের উৎসব। চলচ্চিত্র উৎসবের শিরোনাম ‘রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভাল ইউএসএ, ২০১৩’। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চলচ্চিত্রের এই উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের পাঁচটি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদ এর সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ ও স্বপন আহমেদ এর ‘লাল টিপ’। নিউইয়র্কে জ্যাকসন হাইটস এর জ্যাকসন থিয়েটারে ১৭ই মে থেকে শুরু হবে এই ফেস্টিভাল। এছাড়া ভার্জিনিয়া, নিউজার্সি, মিশিগান, আটলান্টা, ফ্লোরিডা, টেক্সাস, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টিক সিটিতে পর্যায়ক্রমে মাসব্যাপী এ উৎসব চলবে। যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রধান কর্মকর্তা আশরাফুল আলম খোকন জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রায় ১ মিলিয়ন প্রবাসী বাংলাদেশির বেশির ভাগ মানুষই প্রেক্ষাগৃহে গিয়ে ভারতীয় ও বিদেশি ছবি দেখে থাকেন। এর কারণ এখানকার প্রেক্ষাগৃহগুলোতে কোন বাংলাদেশি ছবি দেখানো হয় না। এখন আমাদের দেশেও সুস্থ ধারার অনেক ভালো ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। শুধু পৃষ্ঠপোষকতা এবং সঠিক উদ্যোগের অভাবে এখনো এখানে প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা ছবি দেখার সংস্কৃতি তৈরি হয়নি। সেই ভাবনা থেকেই আমাদের এই মাসব্যাপী বাংলাদেশি চলচ্চিত্র উৎসব। আশা করছি আমরা এই উৎসব সফলতার সঙ্গে শেষ করব। রুহানা-চ্যানেল আই চলচ্চিত্র উত্সবের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে আছে রুহানা ফুড ইউএসএ।