
২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ডালাসের একাডেমি অব বাংলা আর্টস অ্যান্ড কালচারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের অংশগ্রহণে লোকনৃত্যনাট্য মহুয়া মঞ্চস্থ হয়। ডালাসে বসবাসরত ৩০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী কর্মশালার মাধ্যমে এই নৃত্যনাট্যে অংশ নেন। তিন সপ্তাহের এই নৃত্য কর্মশালা পরিচালনা করেন শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও আবুল হাসান।
আয়োজকদের মতে, প্রবাসী ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে নৃত্যনাট্যে নৃত্য পরিবেশনের এই উদ্যোগ দেখা যায় না। নৃত্যনাট্যটি পরিচালনা করেন শামীম আরা নীপা।
নৃত্যনাট্য ছাড়াও নজরুলসংগীতের শিল্পী ফাতেমা তুজ জোহরার পরিচালনায় গানের একটি কর্মশালাও ডালাসে অনুষ্ঠিত হয়। ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় শিল্পীরা অংশ নেন এই অনুষ্ঠানে।
ডালাসের সিটি পারফরম্যান্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রেসিডেন্ট রাশেদ হোসাইন।
প্রতিবছর ডালাসের একাডেমি অব বাংলা আর্টস অ্যান্ড কালচারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি ছেলেমেয়েদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।