যুক্তরাষ্ট্রে মাসব্যাপী চলচ্চিত্র উৎসব
যুক্তরাষ্ট্রে মাসব্যাপী বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ‘রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভ্যাল ইউএসএ-২০১৩’ শিরোনারে এ উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের পাঁচটি ছবি প্রদর্শিত হবে। ছবিগুলো হলো হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, গৌতম ঘোষের মনের মানুষ, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিংগুলার নাম্বার ও স্বপন আহমেদের লাল টিপ।নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জ্যাকসন থিয়েটারে ১৭ মে শুরু হবে এ উৎসব। এরপর পর্যায়ক্রমে ভার্জিনিয়া, নিউজার্সি, মিশিগান, আটলান্টা, ফ্লোরিডা, টেক্সাস, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টিক সিটিতে এ উৎসব চলবে। যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আইয়ের প্রধান কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির বেশির ভাগই প্রেক্ষাগৃহে গিয়ে ভারত ও অন্যান্য দেশের ছবি দেখেন। কারণ, এখানকার প্রেক্ষাগৃহগুলোতে কোনো বাংলাদেশি ছবি দেখানো হয় না। এখন আমাদের দেশেও সুস্থধারার ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। শুধু পৃষ্ঠপোষকতা এবং সঠিক উদ্যোগের অভাবে এখনো যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা ছবি দেখার সংস্কৃতি তৈরি হয়নি। সেই ভাবনা থেকেই মাসব্যাপী বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।’