যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র 'ব্লকেড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যচিত্র ব্লকেড–এর দৃশ্য
তথ্যচিত্র ব্লকেড–এর দৃশ্য

১৯৭১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বালটিমোর সমুদ্রবন্দরে এক অভাবনীয় ঘটনা ঘটে। সেদিন বন্দরে নোঙর করার কথা ছিল সমুদ্রগামী পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’র। জাহাজটি পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহন করছে—এ তথ্য জানতে পেরে পেনসিলভানিয়া ও বালটিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক সিদ্ধান্ত নেন, তাঁরা জাহাজটি বন্দরে ভিড়তে দেবেন না। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে জীবন বাজি রেখে তাঁরা অতিকায় সেই জাহাজকে সেদিন সত্যি সত্যি আটকে দিয়েছিলেন।
এই সত্যি ঘটনাটিকে ভিত্তি করে ব্লকেড নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই তরুণ চলচ্চিত্রকর্মী আরিফ ইউসুফ ও তসবির ইমাম স্বাক্ষর। ‘পদ্মা’ অবরোধের নেতৃত্বে ছিলেন রিচার্ড টেইলার, তিনি সেই অভিজ্ঞতার ভিত্তিতে ব্লকেড নামে যে বই লিখেছেন, তার সাহায্য নিয়ে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অস্ত্র বহনকারী জাহাজ পদ্মা
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অস্ত্র বহনকারী জাহাজ পদ্মা

রিচার্ড, তাঁর স্ত্রী ফিলিসসহ সেই ব্লকেডে অংশগ্রহণকারী বিভিন্ন আমেরিকান ও বাংলাদেশির স্মৃতিচারণা ছাড়াও বহু দুষ্প্রাপ্য ভিডিও ফুটেজ সংযুক্ত হওয়ায় তথ্যচিত্রটি প্রবাসে মুক্তিযুদ্ধের একটি মূল্যবান নথিতে পরিণত হয়েছে। তথ্যচিত্রটির অন্যান্য কলাকুশলী হলেন মৃদুল চৌধুরী, রশিদ মামুন পল্লব ও রিয়াদ মাহমুদ।
আরিফ ইউসুফ প্রথম আলোকে জানিয়েছেন, তথ্যচিত্রটির নির্মাণ শেষ হওয়ার পর এর প্রথম প্রদর্শনী গত ৩০ জানুয়ারি ফিলাডেলফিয়ার একটি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে টেইলার দম্পতি ছাড়াও উপস্থিত ছিলেন বালটিমোরের ব্লকেডে অংশগ্রহণকারী ক্লাউস ক্রিপেন্ডরফ, স্যালি উইলোবি, মোনায়েম চৌধুরী, সু এডওয়ার্ডস ও জর্জ লেকি। দীর্ঘ ৪৫ বছর পর সেই ঘটনা ভিডিওতে ধারণ করায় তাঁরা পরিচালকদের অভিনন্দন জানান।
আরিফ ইউসুফ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাস থেকে তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তথ্যচিত্রটি অনলাইনে দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।