যুক্তরাষ্ট্রে সম্মানিত হচ্ছেন তমালিকা

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার পক্ষ থেকে সম্মাননা পেতে যাচ্ছেন অভিনয়শিল্পী তমালিকা কর্মকার। গত শনিবার ওই সংগঠনের পক্ষ থেকে তমালিকা কর্মকারকে সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, ২১ জুন নিউইয়র্কের মিডল ইস্টার্ন ব্যাংকুয়েট হলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা। সেখানেই সংগঠনটি তমালিকার হাতে সম্মাননা তুলে দেবে। সম্মাননা গ্রহণ করতে নিউইয়র্কের উদ্দেশে ১৯ জুন ঢাকা ছাড়বেন তমালিকা। ফিরবেন ৫ জুলাই।
তমালিকা বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে সম্মাননা পাওয়ার বিষয়টি হঠাত্ করে জানতে পেরেছি। দেশের বাইরে এ ধরনের পুরস্কার এবারই প্রথম গ্রহণ করতে যাচ্ছি। খবরটি শুনে খুব ভালো লাগছে। খুব সম্মানিত বোধ করছি। এ পুরস্কার আমার অভিনয়ের ক্ষেত্রে উত্সাহটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এ ধরনের পুরস্কার পাওয়ার জন্য আমার মা ও নাটকের দল আরণ্যকের কাছে অনেক কৃতজ্ঞ আমি। তাদের কারণেই আমার এত দূর আসা।’
তমালিকা কর্মকার বলেন, ‘আগামী ২ জুলাই আমার জন্মদিন। এবারই প্রথম জন্মদিনে আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। এ জন্য কিছুটা খারাপ লাগছে।’
তমালিকা জানান, ‘শুনেছি কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সাংবাদিকেরা।’
দেশে ফিরেই তমালিকা ব্যস্ত হয়ে পড়বেন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রহমতুল্লাহ তুহিনের ‘ক্ষণিকালয়’, মাসুদ মহিউদ্দিনের ‘আগন্তুক’ ও লুত্ফুন্নাহার মৌসুমির ‘বড় বাড়ির ছোট বউ’।
২০০০ সালে আবু সাইয়ীদ পরিচালিত ‘কীর্তনখোলা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমালিকা কর্মকার।