যুক্তরাষ্ট্রের চার উৎসবে মনোনয়ন পেল 'গাড়িওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য
‘গাড়িওয়ালা’ ছবির দৃশ্য

​আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গাড়িওয়ালা’ যুক্তরাষ্ট্রে চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রতিযোগিতা’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এ বছরের নভেম্বর মাসজুড়ে আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসবগুলো। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই চলচ্চিত্র উৎ​সবগুলোর মধ্যে রয়েছে — সাউদার্ন ইউটায় ‘রেড রক ফিল্ম ফেস্টিভ্যাল’, লস অ্যাঞ্জেলেসে ‘বিগ এশিয়ান এলএ সিনেমা ফেস্টিভ্যাল’, ফ্লোরিডায় ‘ইন্টারন্যাশনাল পিস ফিল্ম ফেস্টিভ্যাল’ আর ওকলাহোমায় ‘আইক্যাচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’।


আজ শনিবার ৩১ অক্টোবর সকালে নির্মাতা আশরাফ শিশির জানিয়েছেন, ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় সাউদার্ন ইউটার হেরিটেজ সেন্টারে রেড রক ফিল্ম ফেস্টিভ্যালে, ৮ নভেম্বর বেলা ১১টায় ‘ওপেনিং ফিল্ম’ হিসেবে কালিফোর্নিয়ায় রিগ্যাল সিনেমায় বিগ এশিয়ান এলএ সিনেমা ফেস্টিভ্যালে, ১২ নভেম্বর সকাল ১০টায় ফ্লোরিডার অরল্যান্ডোর ক্রাউন প্লাজায় ইন্টারন্যাশনাল পিস ফিল্ম ফেস্টিভ্যালে এবং ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ওকলাহোমায় গ্র্যান্ড ইভেন্ট সেন্টারে আইক্যাচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অংশ নিয়ে ২৩টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘গাড়িওয়ালা’। এখন পর্যন্ত ২০টি দেশের ৬০টি শহরে ৬০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ ছবির প্রদর্শনী হয়েছে।

‘গাড়িওয়ালা’ ছবিটির নির্মাতা আশরাফ শিশির বলেন, ‘আমরা গাড়িওয়ালার চাকাটি ঘুরিয়ে দিয়েছি। এখন গাড়িওয়ালা নিজ গতিতেই বিশ্বভ্রমণ করছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।’ তিনি বলেন, ‘নির্মাতা হিসাবে আমি চাই, তা এভাবেই ঘুরতে থাকুক, দেশে ও দেশের বাইরের দর্শকের কাছে পৌঁছে যাক।’