যুগ পেরোল আনন্দ আলো
এক যুগ পার করল ইমপ্রেস টেলিফিল্মের বিনোদন পাক্ষিক আনন্দ আলো। ১২ বছর আগে রমনার বটমূলে ছায়ানটের ঐতিহাসিক বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে আনন্দ আলোর যাত্রা শুরু হয়। যুগপূর্তির বিশেষ সংখ্যা ‘এক ব্যাগ আনন্দ এক ব্যাগ আলো’ বাজারে এসেছে।
এই সংখ্যার প্রচ্ছদমুখ হয়েছেন বিদ্যা সিনহা মিম, মেহজাবিন ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা বাঁধন। আনন্দ আলোর এই বিশেষ সংখ্যায় জীবনের ১২টি উল্লেখযোগ্য স্মৃতি নিয়ে ‘বারোর বাজনা’ শীর্ষক আয়োজনে লিখেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, আজাদ রহমান, আলী ইমাম, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আঁখি আলমগীর, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মাজনুন মিজান, শানারৈ দেবী শানু, বিপ্লব সাহা, ন্যান্সিসহ অনেকে।
শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের বিশেষ তিনটি লেখা আনন্দ আলোর যুগপূর্তি সংখ্যায় প্রকাশ হয়েছে। এ ছাড়া পত্রিকার সঙ্গে থাকছে মোট পাঁচটি বুকলেট। তা ছাড়া রয়েছে বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসীর রান্নার রেসিপি নিয়ে রান্নার বিশেষ আয়োজন।