যুগপূর্তির আনন্দে চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ আগামী ১ অক্টোবর পথচলার ‘এক যুগ’ পার করবে। যুগপূর্তি উপলক্ষে আজ বুধবার চ্যানেল আইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চ্যানেল আইয়ের ১২ বছরের নানা অর্জন তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।ফরিদুর রেজা সাগর তাঁর বক্তব্যে বলেন, যুগপূর্তি উপলক্ষে আগামী ১ অক্টোবর চ্যানেল আই কার্যালয়ে বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা ও সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হবে। দিনব্যাপী রয়েছে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। যুগপূর্তি উপলক্ষে চ্যানেল আই দেশজুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী কর্মসূচি। শাইখ সিরাজ বলেন, দর্শকের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিনগুলোতে নতুন অনুষ্ঠানমালায় সাজবে চ্যানেল আই।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকালে চ্যানেল আই কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে যুগপূর্তির উত্সব। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন দেশের খ্যাতিমান তারকারা। এরই অংশ হিসেবেই সন্ধ্যায় সাতটা ৩০মিনিটে আনুষ্ঠানিকভাবে কাটা হবে যুগপূর্তির কেক। এসব কর্মসূচিতে অংশ নেবেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদের বিরোধীদলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের সুধীজন। যুগপূর্তি নিয়ে চ্যানেল আইতে থাকবে কয়েক দিনের বিশেষ অনুষ্ঠানমালা। বরাবরের মতো এবারও থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটক হুমায়ুন আহমেদের ‘আংটি’। এ ছাড়া প্রতিদিন রাত ১১.৩০ মিনিটে প্রচার করা হচ্ছে দেশ-বিদেশে চ্যানেল আই দর্শকদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’।উল্লেখ্য, ১৯৯৯ সালের ১ অক্টোবর চ্যানেল আইয়ের যাত্রা শুরু হয়।