যুগপূর্তির উত্সবে স্বপ্নদল
নাট্যসংগঠন স্বপ্নদলের এক যুগ পূর্তি উপলক্ষে ১ থেকে ৬ আগস্ট ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ: সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোত্সব’ শিরোনামে ছয় দিনের এক উত্সবের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটার হলে এ উত্সব অনুষ্ঠিত হবে। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, ‘আগামী ৬ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম মৃত্যুবার্ষিকী, ১৮ আগস্ট নাট্যজন সেলিম আল দীনের ৬৩তম জয়ন্তী এবং গত ১৫ জুলাই ছিল ভারতের প্রখ্যাত মঞ্চনির্দেশক বাদল সরকারের ৮৭তম জন্মবার্ষিকী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ নাট্যোত্সবের উদ্যোগ নিয়েছে স্বপ্নদল।’ এ উত্সবে স্বপ্নদলের চারটি পূর্ণাঙ্গ প্রযোজনা—রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং বাদল সরকারের হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চস্থ হবে। এ ছাড়া ঢাকা থিয়েটারের প্রযোজনায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় ‘পুত্র’ নাটক প্রদর্শিত হবে।