যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিং ইজ কিং। এই কিং আর কেউ নন, প্রেমের ক্রিজের অধিপতি যুবরাজ সিং। মোহাব্বতে অভিনেত্রী কিম শর্মাকে নিয়ে ডুবে ডুবে চার-ছক্কা পিটিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন দীর্ঘদিন। তাতেও যেন ‘ম্যান অব দ্য লাভ ম্যাচ’ হতে পারছিলেন না যুবা। অতঃপর ক্রিজে আগমন তৎকালীন সুপার মডেল দীপিকা পাড়ুকোনের। দীপিকা-যুবরাজ প্রেমকাহিনি জমছিল বেশ। কিন্তু ওম শান্তি ওম মুক্তির পর ম্যাডাম পাড়ুকোন ক্রিকেট নিয়ে নয়, মস্তিষ্ক-মনন সবকিছু দিয়ে বসেন বলিউডকে। যুবরাজ অবশ্য ‘বোল্ড আউট’ হয়ে বাড়িতে বসে থাকার পাত্র, থুক্কু প্রেমিক নন। বাতাসে এবার নতুন গুজব—যুবা প্রীতি জিনতাকে ‘দিল’ দিয়েছেন। অবশ্য বলিউড-ক্রিকেটের এই টক-ঝাল-মিষ্টি সম্পর্ক আজকের নয়। অনেকটা ‘ঐতিহ্যবাহী প্রেমে’ রূপ নিয়েছে ব্যাপারটি। রবি শাস্ত্রী-অমৃতা সিং, রাহুল দ্রাবিড়-রাভিনা ট্যান্ডন, সৌরভ গাঙ্গুলী-নাগমা, ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা, ইমরান খান-জিনাত আমান....এই তালিকা শেষ হওয়ার নয়। অতি সম্প্রতি এই সংক্ষিপ্ত প্রেমের তালিকায় নাম লিখিয়েছেন ওয়াসিম আকরাম-সুস্মিতা সেন, ধোনি-অসিন, হরভজন সিং-গীতা বাসরা এবং নীতু চন্দ্র। তাঁদের সম্পর্কের বিক্রিয়া অম্ল না মধুর, সবার কাছেই অজানা। এই উপমহাদেশে বিশেষ করে ভারতে ক্রিকেট ও চলচ্চিত্র যেন এক সুতায় গাঁথা। অতি সম্প্রতি আইপিএল তো সে কথারই ইঙ্গিত দেয়। শুধু কি তাই, সুযোগ পেলেই নির্মাতারা বসে যান ক্রিকেটকে সেলুলয়েডের ফিতায় বন্দী করতে। বেশির ভাগ নির্মাতাই ‘ডাক’ খেয়ে বাড়ি ফিরেছেন। তার পরও বলিউডের ক্রিকেট-প্রীতি আজও অম্লান। ১৯৯০ সালে আমির খান অভিনয় করেন আওয়াল নাম্বার ছবিতে। তখনকার নতুন সেনসেশন আমিরের ছবি দেখতে কাক-পক্ষীও প্রেক্ষাগৃহে যায়নি। কারণ নাকি মা-খালারা ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখাননি। সেই আমিরই যখন ১১ বছর পর লগান নিয়ে পর্দায় ফেরেন, আবালবৃদ্ধবণিতা সবাই কিন্তু জয়ধ্বনি তুলেছিলেন কণ্ঠে। কারণ, ক্রিকেটের পাশাপাশি ছবিতে ছিল জমাট কাহিনি, দুর্দান্ত অভিনয়, কৌশলী নিদের্শনা, মনকাড়া সংগীত। লগান শুধু বলিউড-ক্রিকেট জুটির সেরা ছবিই নয়, অস্কারে মনোনয়ন পেয়েও তাক লাগিয়ে দিয়েছিল। তুলনায় ইকবাল অতটা সফল না হলেও জনপ্রিয় হয়েছিল। অন্যদিকে ভিক্টরি, হ্যাটট্রিক, স্টাম্পড, দিল বোলে হাড়িপ্পা, ওয়ার্ল্ড কাপ ২০১১, সে সালাম ইন্ডিয়া নিয়ে মা-খালারা তো বটেই, খালু-চাচারাও আগ্রহ দেখাননি। ক্রিকেটের মাঠে টিমওয়ার্ক ছাড়া যেমন কোনো দলের পক্ষে বিজয় অসম্ভব, বলিউডের ক্রিজেও তা-ই। শুধু ক্রিকেট নিয়ে ছবি হলেই হবে না, চাই দুর্দান্ত স্ক্রিপ্ট, দক্ষ নির্দেশনা। এ সপ্তাহে মুক্তি পাওয়া পাতিয়ালা হাউস ছবিতে তেমন উপকরণই আছে। ছবির কাহিনি বাপ-বেটার দ্বন্দ্ব নিয়ে। ছেলে অক্ষয় কুমারের স্বপ্ন ইংল্যান্ডের হয়ে একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। কিন্তু বাবা তাঁর চেষ্টার শেষ বিন্দু দিয়ে ছেলেকে ইংল্যান্ডের হয়ে খেলতে দেবেন না। ক্রিকেটের সঙ্গে আবেগের যথার্থ সমীকরণ পাতিয়ালা হাউস। এই সমীকরণের অঙ্কের ভুলেই অনেক সুপারস্টার ক্রিকেট বাদশাহ ঝরে পড়েছিলেন বলিউডের আকাশ থেকে। ম্যাচ কেলেংকারিতে অভিযুক্ত অজয় জাদেজা যেমন খেল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। কিন্তু ছবি এতটাই ব্যর্থ হয়, পরের ছবি পাল পাল দিল কে পাস শেষ করার জন্য প্রযোজক অনেক খুঁজেও অর্থ জোগাড় করতে পারেননি। এ রকম অনর্থ হয়েছিল বিনোদ কাম্বলির বেলায়ও। মুম্বাইয়ের এই বাঁ-হাতি ব্যাটসম্যান খুব যে নামকরা খেলোয়াড় ছিলেন, তা নয়। তবে ক্রিকেটার পরিচয়কে ব্যবহার করে অনর্থ ছবিতে কাজ করেছিলেন। পাত্তা পাননি। সলিল আনকোলা সে তুলনায় চোখে পড়েছিলেন পার্শ্ব চরিত্রে অভিনয় করে। সলিল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কম, পর্দায় অভিনয় করেছেন বেশি। সুনীল গাভাস্কার এককালে মারাঠি ছবি সভিল প্রেমাছি এবং পরবর্তী সময়ে নাসিরউদ্দিন শাহের সঙ্গে হিন্দি মালামাল ছবিতে কাজ করেছিলেন। দুটোই ব্যর্থ। সালমান খান-প্রিয়াঙ্কা চোপড়ার মিলন ঘটানোর জন্য ইরফান পাঠান, হরভজন সিং, পার্থিব প্যাটেল, মোহাম্মদ কাইফ, শ্রীনাথ, আশিস নেহরা, সিধু, কপিল দেব হাজির হয়েছিলেন মুঝসে শাদি কারোগে ছবিতে। আর পি সিং, প্রবীণ কুমার, দীনেশ কার্তিক, ব্রেট লি, ব্র্যাড হজ, স্টুয়ার্ট ক্লার্ক যেমন ছিলেন ভিক্টরি ছবিতে। সদ্য মুক্তি পাওয়া পাতিয়ালা হাউস-এ হার্শেল গিবস, ইকবাল, মুঝসে শাদি কারোগে, স্টাম্পড ছবিতে কপিল দেব, পাকিস্তানের মোহসিন খান বলিউডের বাটওয়ারা, সাথী, ফাতেহ, ম্যাডাম এক্স ছবিতে অভিনয় করেন। মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুরই বুঝি ক্রিকেট-বলিউডের পারফেক্ট দম্পতি; এক ছাদের নিচে যাঁরা দীর্ঘদিন ইনিংস টিকিয়ে রেখেছেন। অবশ্য অখণ্ড কিছু দুর্ভাগ্যজনক ‘ম্যাচ’ বাদ দিলে মোহাম্মদ আজহার উদ্দিন-সংগীতা বিজলানিও মনসুর-শর্মিলার দলে শামিল হতে পারেন।  রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট