যুদ্ধ ও ভালোবাসার গল্পের ‘মেহেরজান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বীরাঙ্গনা ও এক যুদ্ধশিশুর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেহেরজান। এই চলচ্চিত্রে পাশাপাশি এসেছে যুদ্ধ, নৃশংসতা ও ভালোবাসার কথা। এর কেন্দ্রীয় চরিত্র মেহেরজান একজন শিল্পী। ১৯৭১ সালে তাকে ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচায় স্বপক্ষত্যাগী, যুদ্ধবিরোধী এক বালুচ সেনা। মেহের ভালোবেসে ফেলে তাকে। যুদ্ধকালে শক্রপক্ষের এক সেনাকে ভালোবাসার গ্লানি আজীবন বয়ে বেড়ায় মেহেরজান ।এই চলচ্চিত্রে রয়েছে নানা চমক। এতে মেহেরজানের ভূমিকায় অভিনয় করেছেন ভারতের জয়া বচ্চন। নানাজান চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২১ জানুয়ারি মেহেরজান মুক্তি পাবে।উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, উপমহাদেশের খ্যাতনামা অভিনেতা ভিক্টর ব্যানার্জি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শর্মিলী আহমেদ, হুমায়ুন ফরীদি, খায়রুল আলম, আজাদ আবুল কালাম, ছবির পরিচালক রুবাইয়াত হোসেন, শিল্প নির্দেশক মাসুক হেলাল, প্রযোজক আশিক মোস্তফাসহ অনেক শিল্পী ও কলাকুশলী।মেহেরজান ছবিতে দেখা যায় যুদ্ধ চলাকালে এক পাকিস্তানি সেনার সঙ্গে বাঙালি মেয়ের সম্পর্ক ও বিচ্ছেদ। তারা পরস্পরকে বিদায় জানায়। পরবর্তী সময়ে ওই সেনা নিহত হয়। ওই বাঙালি মেয়ে আজীবন মনে ধরে রাখে সেই স্মৃতি—তার ইজ্জত বাঁচিয়েছিল শত্রুপক্ষের এক সেনা।এই ছবির চিত্রগ্রাহক সমীরণ দত্ত। সংগীত পরিচালনা করেছেন নীল মুখার্জি। ছবিতে বেলুচ সেনা ওয়াসিম খানের ভূমিকায় ওমর রাহিম, ছোট মেহেরজানের ভূমিকায় সায়না আমিন ও বীরাঙ্গনা নীলার ভূমিকায় রিতু সাত্তার অভিনয় করেছেন। ছবির অন্যান্য চরিত্রে আছেন হুমায়ুন ফরীদি, শর্মিলী আহমেদ, খায়রুল আলম, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, রিফাত চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, নাসিমা সেলিম, অরূপ রাহী প্রমুখ।ভোট ফর সুন্দরবনবিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে সরকারি-বেসরকারিভাবে চলছে ব্যাপক প্রচারণা। এবার এই প্রচারণায় অংশ নেবেন বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। আজ বুধবার তিনি সুন্দরবনের পক্ষে ভোট দেবেন এবং অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানাবেন। গত সোমবার রাত পৌনে আটটায় তিনি বাংলাদেশে এসেছেন।‘ভোট ফর সুন্দরবন’ স্লোগান নিয়ে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় তেজগাঁওয়ের নভো কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানেই সুন্দরবনের পক্ষে ভোট দেবেন মনীষা কৈরালা। অনুষ্ঠানে গান করবেন সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।আজ দুপুরে উত্তরার ক্রিয়েটিভ ডেস্টিনেশনে একটি চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন মনীষা কৈরালা। ‘মোস্তাফিজুল হক রেট্রোসপেক্টিভ’ শিরোনামের এই চিত্রকর্ম প্রদর্শনীতে শিল্পী মোস্তাফিজুল হকের ৪৭টি শিল্পকর্ম স্থান পাবে। এ ছাড়া নেপালের রাজপরিবারের আলোকচিত্রী কিরণমান চিত্রকর, তাঁর বাবা গণেশমান চিত্রকর ও দাদা দীর্ঘমান চিত্রকরের ১০৫টি ছবি ঠাঁই পাবে ‘চিত্রকরস: সাগা অব কাঠমান্ডু ভ্যালি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে। ১৯০৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত চিত্রকর পরিবার এসব আলোকচিত্র ধারণ করেছে।গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক আবু জুবায়ের প্রমুখ।আলোকচিত্রে পৃথিবীর সৌন্দর্য ও বিপন্নতামানিক মিয়া এভিনিউসংলগ্ন ফুটপাতে প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির ১০০ আলোকচিত্র। এর বেশির ভাগ আলোকচিত্রে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ও কিছু আলোকচিত্রে ফুটে উঠেছে পৃথিবীর বিপন্নতা। এসব ছবি তুলেছেন ফরাসি আলোকচিত্রী ইয়ান আর্থাস বার্ট্রান্ড। প্রদর্শনীর শিরোনাম ‘আর্থ ফ্রম অ্যাবাভ’। ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন। প্রদর্শনী চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।উড়োজাহাজে চড়ে বিভিন্ন দেশ ঘুরে ইয়ান আর্থাস পাহাড়, পর্বত, নদী, অরণ্য, বিস্তীর্ণ ফসলের মাঠ, বিভিন্ন প্রজাতির পশুপাখি, নানা রং আর আকৃতির ফুল-ফল, সমুদ্রের বুকে সূর্যাস্ত-সূর্যোদয় প্রভৃতি ছবি তুলেছেন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে এই পৃথিবী যে বিপন্ন হতে চলেছে, তারও কিছু আলামত তিনি তুলে ধরেছেন আলোকচিত্রে।