যুদ্ধজাহাজে ২৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনএস সমুদ্রজয়ে প্রতিযোগীর সঙ্গে কুসুম সিকদার
বিএনএস সমুদ্রজয়ে প্রতিযোগীর সঙ্গে কুসুম সিকদার

‘যুদ্ধজাহাজের কথা শুনেছি সেই ছোটবেলা থেকে। টিভির খবরে কিংবা হলিউডের ছবিতে দেখেছি। এবার আমি এমনই এক যুদ্ধজাহাজে যাব। বাংলাদেশের যুদ্ধজাহাজ। আর তা প্রথম জানতে পেরেছিলাম এ বছর এপ্রিল মাসে। “হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান” প্রতিযোগিতার পুরো পরিকল্পনা তখন হাতে পেয়েছি। জানতে পারলাম, জুলাই মাসে যুদ্ধজাহাজে পুরো ২৪ ঘণ্টা থাকতে হবে!’ বললেন কুসুম সিকদার। ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার এবারের বিচারক কুসুম আর রিয়াজ।
এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বাংলাদেশ নৌবাহিনী। তাই পুরো সাত দিন বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে শুটিং হলো এই প্রতিযোগিতার। তাঁদের সঙ্গে ছিলেন উপস্থাপক নুসরাত ফারিয়া ও ১০ জন প্রতিযোগী আর অনুষ্ঠানসংশ্লিষ্ট কয়েকজন। প্রতিযোগিতার অংশ হিসেবে তাঁদের যেতে হয় বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক মিসাইল ফ্রিগেট বিএনএস সমুদ্রজয়ে।
আগেই জানিয়ে রাখি, এরই মধ্যে ‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার শুটিং শেষ। আগামী ২৩ অক্টোবর হবে গ্র্যান্ড ফিনালে।
‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার শুটিংয়ের জন্য ঈদুল ফিতরের দিন দশেক আগে বিএনএস সমুদ্রজয়ে গিয়েছিলেন কুসুম। গত শুক্রবার সন্ধ্যায় কুসুমের সঙ্গে কথা হয় নিকুঞ্জে তাঁর মায়ের বাসায়।
লাল টিপ (২০১২) ছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন কুসুম সিকদার। এরপর আর তাঁকে সেভাবে পাওয়া যায়নি। কেন? কুসুম বললেন, ‘এরপর আমি একটি ভালো ছবির জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু পাইনি।’

কুসুম সিকদার
কুসুম সিকদার


কুসুম এখন আবার নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। জানান, ঈদের জন্য কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করেছেন।
কুসুম গান শিখছেন সেই পাঁচ বছর বয়স থেকে। গান শিখেছেন নজরুল একাডেমীতে এবং বিভিন্ন শিক্ষকের কাছে। ২০০১ সালে বেরিয়েছিল তাঁর একক অ্যালবাম তুমি আজ কত দূরে। আবার নিয়মিত গানের চর্চা করছেন তিনি। শিগগিরই গান রেকর্ডিংয়ের কাজে হাত দেবেন। কুসুম কবিতা লেখেন। আগামী বছর বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় বের হবে তাঁর কবিতার বই।
‘এখন আর সেসব কথা নয়।’ বললেন কুসুম। পাঠক, চলুন এবার কুসুমের কাছ থেকে যুদ্ধজাহাজের সেই গল্প শোনা যাক।
সকালে ঘুম থেকে উঠেই জানতে পারি সাগরে নাকি বিপৎসংকেত দেওয়া হয়েছে। মনে ভয় নিয়েই বেলা ১১টা নাগাদ পতেঙ্গায় পৌঁছালাম। কর্ণফুলী নদীতে তখন বেশ ঢেউ, সাগরে না জানি কী অবস্থা! বিএনএস সমুদ্রজয় নোঙর করা আছে সাগরে। বাংলাদেশ নৌবাহিনীর ডিফেন্ডার বোটে চড়ে আমরা পৌঁছে যাই সেখানে। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বাতাসের বেগ ক্রমেই বাড়ছে। মাঝদুপুরে চারদিকে তাকালে মনে হয় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ডিফেন্ডার থেকে যুদ্ধজাহাজে ওঠার পর সেদিকে আর খেয়াল নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়ের পর তাঁরা আমাদের জাহাজটি ঘুরে দেখান। জাহাজের গুরুত্বপূর্ণ কক্ষ, থাকার জায়গা, খাবারের ঘর, নানা ধরনের অস্ত্র, এগুলোর আবার বিভিন্ন নাম। জানতে পারলাম, জাহাজটি ৩৭৮ ফুট লম্বা আর মাঝের অংশটির প্রস্থ ৪৩ ফুট। ক্যাপ্টেনের রুমটি দেখার খুব ইচ্ছে হয়েছিল। কিন্তু সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়নি; হয়তো নিষেধ আছে।’
এবার একটু দম নিলেন কুসুম। সেখানে যাওয়ার আগেই নিজের জন্য আলাদা পোশাক তৈরি করেন তিনি। সংগ্রহ করেছেন বুট জুতা। জাহাজে যাওয়ার পর তাঁদের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ দেওয়া হয়। বেশির ভাগ সময় লাইফ জ্যাকেট সঙ্গে রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয় তাঁদেরকে।
এবার শুটিং শুরুর পালা। বিএনএস সমুদ্রজয়ে তো বটেই, সেখান থেকে প্রতিযোগীদের যেতে হবে দূরে নোঙর করা বিভিন্ন কার্গো আর মাছ ধরার জাহাজে। সেখানে কয়েকটি অভিযানে অংশ নিতে হবে প্রতিযোগীদের। সঙ্গে থাকতে হবে বিচারকদেরও।
কুসুম বললেন, ‘বিএনএস সমুদ্রজয় থেকে জেমিনি বোটে করে আমরা ওই সব জাহাজে গিয়েছি। জাহাজে থাকতে তো সাগরের অবস্থা তেমন অনুভব করিনি। উঁচু উঁচু ঢেউ। বোট যে কীভাবে দুলছে, তা বর্ণনা করা যাবে না। ওই সময় নিজেকে স্বাভাবিক রাখা মোটেও সহজ মনে হয়নি। তখন ছিল রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বাতাস ছিল বেশ গরম। কোনো দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলেও কি তেমন লাভ হবে? ভেবে কোনো উত্তর খুঁজে পাইনি। এর মধ্যেই শুটিং চলছে। ঢেউয়ের ওপর দিয়ে ছুটে চলেছে জেমিনি বোট। রাতে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, অভিযানগুলোর পরিকল্পনা করা হয়েছে রাতের জন্যই। একদিকে উত্তাল সাগর, অন্যদিকে নিজের মানসিক অবস্থা ক্যামেরার সামনে বুঝতে দেওয়া যাবে না। কী করব, বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে যে অভিযানগুলো শেষ হয়েছে, তা অল্প কথায় বলা সম্ভব না। যা হোক, কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ হলো সবকিছু।’
সেই রাতের ভয় এখনো ভুলতে পারেননি কুসুম। রাতে ঘুমের সময় নিজেকে জেমিনি বোটের মধ্যে অনুভব করেন।
বললেন, ‘অভিযান শেষ করে আমরা সমুদ্রজয়ে ফিরে এসেছি। পরদিন দুপুরের আগেই আমরা সেখান থেকে বিদায় নিই। সমুদ্রজয় থেকে আমরা নেমে আসি ডিফেন্ডার বোটে। পতেঙ্গার দিকে ছুটতে থাকে অত্যাধুনিক প্রযুক্তি ও বেশ গতিসম্পন্ন ডিফেন্ডার বোট। পেছনে সাগরে নোঙর করা বিএনএস সমুদ্রজয়।’’