যুদ্ধবিমানে চড়ার অনুভূতির তুলনা হয় না: শহীদ কাপুর
আর কয়েক দিন পরই মুক্তি পেতে যাচ্ছে শহীদ কাপুর অভিনীত ‘মৌসুম’ ছবিটি। এই ছবিতে ভারতীয় বিমানবাহিনীর একজন স্কোয়াড্রন লিডারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এমন একটি চরিত্রে কাজ করার জন্য বাড়তি কিছু খাটাখাটুনি দরকার। যার সবটুকুই শহীদ করেছেন। বিমানবাহিনীর একজন কর্মকর্তার চুলের স্টাইল থেকে শুরু করে টুপি, জুতা ও পোশাকের মধ্যে যে স্বতন্ত্রভাব রয়েছে, তার সবটাই নিজের চেহারায় নিয়ে আসার চেষ্টা করেছেন এই অভিনেতা।এই ছবি প্রসঙ্গে শহীদ কাপুর বলেন, ‘আমি বিমানবাহিনীকে ভালোবাসি। এই বাহিনীতে যাঁরা চাকরি করেন, তাঁরা গর্বের সঙ্গেই বাঁচেন।’ শহীদ কাপুরকে এই ছবিতে অভিনয় করতে গিয়ে যুদ্ধবিমানে চড়তে হয়েছে। সেই অনুভূতিটা অসাধারণ বলেই জানালেন শহীদ। তিনি বলেছেন, যুদ্ধবিমানে চড়ার অনুভূতির কোনো তুলনা হয় না।পঙ্কজ কাপুর পরিচালিত এই ছবিটি ১৬ সেপ্টেম্বরই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড ও বিমানবাহিনীর ছাড়পত্র না মেলায় মুক্তি পিছিয়ে দিতে হয়েছে। সব ঝামেলা এড়িয়ে ২৩ সেপ্টেম্বরই বড় পর্দায় মুক্তি পাচ্ছে শহীদ কাপুরের ‘মৌসুম’। টিএনএন।