যুদ্ধাপরাধ-সচেতনতার প্রচারণায় শম্পা রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারে গণসচেতনতা সৃষ্টি এবং জনমত গঠনের জন্য যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড যাচ্ছেন অভিনয়শিল্পী শম্পা রেজা। ১০ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। পরে ২০ ডিসেম্বর সুইজারল্যান্ড যাবেন বলে জানিয়েছেন শম্পা রেজা। শম্পা রেজা বলেন, ‘লন্ডন ও সুইজারল্যান্ডে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টি ও জনমত গঠন এবং বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে। পুরো বিষয়টি নিয়ে আমি বেশ আনন্দিত। এ ধরনের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে গেছে। আসলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সচেতনতা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।’শম্পা রেজা বলেন, ‘শুনেছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য লন্ডন ও সুইজারল্যান্ডের বাংলা ভাষাভাষীসহ বিশ্বের অন্যান্য দেশের মানুষদের জানাতে এই দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমিনুর রশীদের লেখা ‘মাটির মাঝে বাঘ চরে, পানিতে হাঙর মনে বড় ডর গো আল্লাহ মনে বড় ডর’—এ গানটি করব। পাশাপাশি আরও বেশ কয়েকটি গান করার কথাও ভাবছি। এ ছাড়া নীলিমা ইব্রাহীমের ‘আমি বীরাঙ্গনা বলছি’ থেকে তৈরি শ্রুতি নাটক পাঠ করব।’ এদিকে লন্ডন ও সুইজারল্যান্ডের অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে শম্পা রেজা নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানান। ছবি দুটি হচ্ছে—মিনহাজ কিবরিয়ার ‘শতরূপে শতবার’ ও রাজু আহমেদের ‘মাটি’।শম্পা রেজা বলেন, ‘অনেক আগে থেকেই কিন্তু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছি। তখন চলচ্চিত্রের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। ইদানীং চলচ্চিত্রের কিছু গল্প খুব ভালো লাগছে। পাশাপাশি অনুরোধের মাত্রাটাও বেশি। সবকিছু মিলিয়ে কাজগুলো করতে হচ্ছে। তবে ভালোও লাগছে।’