যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবির মধ্য দিয়ে উদীচীর সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশাজড়ানো শীতের সকাল। গুচ্ছ গুচ্ছ রঙিন বেলুন উড়ে গেল কুয়াশা ভেদ করে। তার সঙ্গে উড়ল শান্তির প্রতীক শ্বেতকপোত। করতালিতে মুখরিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুটা ছিল এমন।‘সাথীদের খুনে রাঙা পথে পথে হায়নার আনাগোনা সইব না’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী সপ্তদশ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ২১ জন বীরাঙ্গনা। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। জাতীয় সংগীতের সঙ্গে ২১ জন বীরাঙ্গনা মায়ের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাহেলা খাতুন এবং দলীয় পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। এ সময় স্লোগান ও সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।সম্মেলন উদ্বোধনের বীরকন্যারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি তোলেন।উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন মাহফুজা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, উদীচীর কেন্দ্রীয় ও সারা দেশ থেকে আসা নেতা-কর্মীরা। উদ্বোধনী বক্তব্যে রাহেলা খাতুন অতিসত্বর যুদ্ধাপরাধীদের বিচার ও বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি জানান।এরপর শহীদ মিনার থেকে বিশাল এক পতাকা নিয়ে বের হয় শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।উদ্বোধনী অধিবেশন ছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক প্রবীর সরদার এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। আলোচনা করেন মুস্তাফা নূরউল ইসলাম, রামেন্দু মজুমদার, শাহরিয়ার কবির, মামুনুর রশীদ, মাহফুজা খানম, মান্নান হীরা ও কামরুল আহসান খান।আলোচনায় বক্তারা বলেন, গত কয়েক দশক উদীচী শিল্পীগোষ্ঠী উজানেই পথ চলেছেন। তাঁদের এই উজান পথে চলা আরও বহু বছর চলবে। তাঁরা সুষ্ঠু সংস্কৃতি ব্যবহার করে জনগণকে একটা চেতনার স্তরে উন্নীত করতে চান। মানুষকে জাগাতে চান। উদীচী নিছক একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি অন্য অনেক সংগঠনের অনুপ্রেরণা। উদীচী সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ। শোষণমুক্ত ও হাসি-গানে মুখরিত বাংলাদেশ গড়া উদীচীর অঙ্গীকার। এই অঙ্গীকারে উদীচী অবিচল ছিল, আছে এবং থাকবে।দুপুরে বিরতি দিয়ে শুরু হয় সাংগঠনিক অধিবেশন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে ছিল দলীয় সংগীত ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’। পরে উদীচীর বিভিন্ন জেলা সংসদের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় ছিল ‘বাংলার মাটি বাংলার জল’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘এ যুগের চারণ আমরা’, ‘নোঙর ছাড়িয়া’, ‘মারো জোয়ান হেঁইয়ো’, ‘হে সাথী আজকে’, ‘বাংলাদেশের বীর জনতা’সহ বেশ কিছু গান।