যুদ্ধের ছবি মানবিক ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধকে রাশিয়ায় বলা হয় ‘মহান পিতৃভূমির যুদ্ধ’। সেই যুদ্ধজয়ের ৭০ বছর পূর্তি হচ্ছে এবার। ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র এ উপলক্ষে মার্চ ও এপ্রিলের প্রতিটি শুক্রবারে আয়োজন করেছে চলচ্চিত্র প্রদর্শনের। সেরা সোভিয়েত ছবিগুলোই প্রদর্শিত হবে এই দুই মাস।
প্রদর্শনের অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে আছে ব্যালাড অব এ সোলজার। সেই যে আশিওশা নামের সদ্য যুবা ছেলেটি, মায়ের সঙ্গে দেখা করার জন্য ফ্রন্ট থেকে দুই দিনের ছুটি পায়। মুহূর্তের জন্য মায়ের সঙ্গে দেখা হয় তার, কিন্তু যুদ্ধ শেষে সে আর ফিরে আসে না। ক্রেইনস আর ফ্লাইং ছবিটি ১৯৫৮ সালে কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয়েছিল। ভেরোনিকার ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন তাতিয়ানা সামাইলোভা। বরিস যুদ্ধে যায় প্রেমিকা ভেরোনিকাকে ছেড়ে। ফিরে আসে না আর। যুদ্ধ ভেরোনিকার জীবন থেকে সবকিছু কেড়ে নেয়, কিন্তু সে ভুলতে পারে না বরিসকে। সারা জীবন হৃদয়ে ধরে রাখে। প্রথম ছবিটি দেখানো হবে ২৭ মার্চ, দ্বিতীয়টি ১৩ মার্চ। এ ছাড়া মার্চ মাসে দেখানো হবে আরও দুটি ছবি। দে ফট ফর দেয়ার মাদারল্যান্ড ৬ মার্চ, আর ডেসটিনি অব এ ম্যান ২০ মার্চ।
ছবিগুলো দেখানো হবে ঢাকার ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রের প্রদর্শনী হলে প্রতি শুক্রবার বেলা ১১টায়। এপ্রিলের চার শুক্রবারও প্রদর্শিত হবে চারটি ছবি দ্য হট স্নো, দ্য ডনস হেয়ার আর কোয়াইট, দ্য স্টার ও দ্য ব্যাটল ফর বার্লিন।