যুদ্ধের প্রত্যক্ষ বর্ণনা তরুণ প্রজন্মের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষার্থী শিরিনা আক্তার। অথচ মুক্তিযুদ্ধের সময়ের একটি ঘটনা এমনভাবে বলছিলেন, যেন ওই সময়েরই কোনো প্রত্যক্ষদর্শী তিনি।
শিরিনার মতো আরও চারজন বলেছেন মুক্তিযুদ্ধের সময়ের অভিজ্ঞতার কথা, অথচ তাঁদের কারও জন্ম হয়নি সে সময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সানোয়ার হোসেন ও বগুড়া শিবগঞ্জের চৌধুরী আদর্শ মহিলা কলেজের ছাত্রী সমাপ্তি সরকার বাবার কাছ থেকে শুনে, পিরোজপুরের সরকারি কে জি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিমুল হাওলাদার দিদিমার কাছ থেকে এবং নেত্রকোনার শ্যামপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা আকতার চাচার কাছ থেকে শোনা মুক্তিযুদ্ধের গল্প শোনালেন উপস্থিত শ্রোতাদের।
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস অনুষ্ঠানমালার গতকাল শুক্রবার ছিল তৃতীয় দিন। জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষদর্শীর ভাষ্যপাঠ অংশে এসব গল্প শোনান তাঁরা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি স্থপতি রবিউল হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীর ভাষ্যপাঠের পর দলীয় আবৃত্তি করে ‘মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র’, দলীয় সংগীত পরিবেশন করে ‘বহ্নিশিখা’ ও একক সংগীত পরিবেশন করেন আরিফ রহমান।
আবদুল্লাহ মেমোরিয়াল হাইস্কুল ও মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে দলীয় সংগীত ও নৃত্য। অনুষ্ঠানের সমাপ্তি হয় অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ রচিত পথনাটক বর্ণচোরা পরিবেশনের মধ্য দিয়ে।