যুদ্ধের বাঁশি রক্তের হাসি

যুদ্ধ আছে সবখানেই। কখনো ঘোষিত যুদ্ধক্ষেত্রে ঢাল-তলোয়ার নিয়ে আনুষ্ঠানিকভাবে সংঘাত হয় দুই পক্ষে। আবার কখনো জীবনের একেকটি গল্পই হয়ে ওঠে যুদ্ধ বা লড়াইয়ের গল্প। দুই লড়াইয়েই রক্ত থাকে, হেরে যাওয়ার কান্না থাকে, থাকে শত্রুকে আছড়ে ফেলে রক্তাক্ত হাসি।
এমন গল্পের ছবিই এবারের ব্রিটিশ ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড (বাফটা) অনুষ্ঠানে বাজিমাত করেছে। জিতেছে সর্বাধিক সোনা রঙের ট্রফি। গোল্ডেন গ্লোবে সাড়া ফেলার পর বাফটা আয়োজনেও ঝড় তুলেছে স্যাম মেন্ডেসের ছবি ১৯১৭। বসে ছিল না দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। বাফটাসহ এ বছরের সব আলোচিত পুরস্কার নিজের করে নিচ্ছেন পরিচালক বং জুন-হো। অন্যদিকে সেরা অভিনেতার ক্যাটাগরি থেকে ‘জোকার’ ওয়াকিন ফিনিক্সকে বাদ দেওয়াই যাচ্ছে না।
এতেই শেষ নয়। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে আছে অস্কার আয়োজন। সেখানেও একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই তিনটি চলচ্চিত্র। আসুন, জেনে নেওয়া যাক তিন ছবির নানা দিক।

প্যারাসাইট
ভালো মানুষেরাই ধনী হয়? নাকি ধনী মানুষেরা ভালো হয়?
এই দুটি প্রশ্নই তুলে দিয়েছে প্যারাসাইট। বং জুন-হো পরিচালিত এই ছবি দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি এনে দিয়েছে। আরও দিয়েছে দুই হাত ভর্তি পুরস্কার। সেই সঙ্গে দেখিয়ে দিয়েছে বিত্তের শ্রেণিভেদে চরম বৈষম্য।
ছবিটির দৈর্ঘ্য দুই ঘণ্টার কিছু বেশি। প্রথম ঘণ্টাটি কাটানোর পর মনে হয়—আচ্ছা, বিত্তহীন মানুষেরা কি এতটাই লোভী ও নিচ প্রকৃতির হয়? ধনী মানেই কি মহান? এসব প্রশ্ন মনে উঁকি দেওয়ার পাশাপাশি পরিচালকের দৃষ্টিভঙ্গি নিয়ে ভুরু কিছুটা কুঁচকে যায়। কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতোই ধীরে ধীরে বেরিয়ে আসে প্যারাসাইটের ঝাঁজ।
ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। স্বীকার করতেই হবে, ধনী ও দরিদ্র—এই দুই শ্রেণির মানুষের জীবনের ছবি দুর্দান্ত দক্ষতায় এঁকেছেন বং জুন-হো। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া উন্নত হচ্ছে এবং একই সঙ্গে দুরন্ত গতিতে বাড়ছে ধনী-দরিদ্রের বিত্তের ব্যবধান। সেই ব্যবধান এতটাই যে মাটির নিচ থেকে জমিনের ওপরে হাঁটতে যাওয়াই অসম্ভব স্বপ্নের বিষয় হয়ে দাঁড়ায়।’
প্যারাসাইট ছবিটির মূল আকর্ষণ এর ক্লাইমেক্স। এভাবে দর্শকদের পুরোপুরি হকচকিত করাটা পরিচালক-লেখকের মুনশিয়ানাকেই স্বীকার করে নেয়। তাই হয়তো সমালোচকেরাও প্রাণখুলে প্রশংসা করেছেন ছবিটির।
গোল্ডেন গ্লোব ও বাফটা জয়ের মধ্য দিয়ে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে প্যারাসাইট। অস্কারে ছয় বিভাগে মনোনয়নও পেয়েছে। কেউ কেউ বলছেন, সেরা ছবির অস্কার নাকি এই ছবিরই প্রাপ্য। যদিও বিদেশি ভাষার কোনো ছবি এখন পর্যন্ত সেরা চলচ্চিত্রের অস্কার পায়নি, কিন্তু ইতিহাস নতুন করে লেখায় তো মানা নেই!

জোকার
টড ফিলিপসের জন্য কাজটি কঠিন ছিল। একটি কমিক চরিত্রকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা সত্যিই কঠিন, আর সেটি যদি খলনায়ক হয়, তবে তো কথাই নেই। সুপারহিরোদের তো সবই ভালো। কিন্তু খলনায়কের উত্থানের গল্প দিয়ে বাজার মাত করার কথা ভাবা কিছুটা ঝুঁকির। এতে যেমন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার আশঙ্কা থাকে, তেমনি থাকে সমালোচকদের নিন্দার খোঁচা। অবশ্য দুই জায়গাতেই ‘স্টার মার্ক’ পেয়ে পাস করেছে জোকার। সেই কৃতিত্বের অনেকটাই জুটছে জোকাররূপী ওয়াকিন ফিনিক্সের কপালে।

আর্থার ফ্লেক (জোকারের নাম) এবার পুরস্কারের জোয়ারে ভাসছে। গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও বাফটা—তিন মঞ্চেই সেরা অভিনেতার ট্রফি পেয়েছেন ওয়াকিন ফিনিক্স। আর্থার ফ্লেকের জোকার হয়ে ওঠার গল্পটা রুপালি পর্দায় তরতর করে এগিয়েছে। ছবিতে একটু একটু করে নিজের সম্পর্কে জানতে থাকে আর্থার। শেষ সম্বল মায়ের সঙ্গে সম্পর্কের সুতাটাও একসময় ছিঁড়ে যায়। সব হারিয়ে ফেলা একজন অস্তিত্বহীন মানুষ তখন অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াইয়ে নামে। তার জন্য যদি রক্তের বন্যা বইয়ে দিতে হয়, তবে জোকারের তা-ই সই! কিন্তু মায়ের কথা মেনে হাসিমুখ কখনো ছাড়েনি জোকার। সেই হাসিতে অবশ্য রক্তও মিশে ছিল।
এবারের অস্কার আয়োজনে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে জোকার। অস্কারের মঞ্চেও জোকারের জয়জয়কার হয় কি না—সেটিই এখন দেখার।

১৯১৭
হলিউডি ছবির ধারায় যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বিশ্বযুদ্ধ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুপালি পর্দায় যতটা প্রাধান্য পেয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ সে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। ১৯১৭ তাই নতুন করে প্রথম বিশ্বযুদ্ধকে নিয়ে এসেছে সিনেমার পর্দায়। এর ওপর আবার একে বলা হচ্ছে এক শটের ছবি। চিত্রগ্রহণে আছে মুনশিয়ানা।
তথাকথিত যুদ্ধের গল্পও শোনায়নি ১৯১৭। এতে আছে জীবনের বিনিময়ে জীবন বাঁচানোর গল্প। তার জন্য মরিয়া হওয়ার লড়াই। আর হ্যাঁ—গুলি-বন্দুক আছে, রক্ত আছে। আরও আছে যুদ্ধের ময়দানেও মানুষের মানুষ হয়ে ওঠার চিত্র। সেই জন্যই প্রতিপক্ষের তাড়া খেয়ে পালানোর সময়ও ল্যান্স করপোরাল স্কোফিল্ড (জর্জ ম্যাককে) থমকে যায় অভুক্ত শিশুর পাশে।

দৃশ্যায়নে চমক দেখিয়েছে ১৯১৭। আবহসংগীতও দারুণ। এই শ্রমের মূল্য দিয়েছে পুরস্কারের অসংখ্য ট্রফি। গোল্ডেন গ্লোবে জুটেছে সেরা পরিচালকসহ তিনটি পুরস্কার। বাফটা তো হাত ভরে দিয়েছে, সাত-সাতটি ট্রফি এসেছে ১৯১৭-এর ঘরে। অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই ছবি দর্শককে বিরক্ত করে না, বরং ধরে রাখে টান টান উত্তেজনায়। সতীর্থের জীবনের দাম মুঠোয় নিয়ে হাজারো জীবন বাঁচানোর অভিযানে নামা স্কোফিল্ডের উৎকণ্ঠা তাই দর্শকদের মধ্যেও সংক্রমিত হয়। সেই সঙ্গে আছে কলিন ফার্থ ও বেনেডিক্ট কাম্বারব্যাচের ক্ষণস্থায়ী কিন্তু নজরকাড়া অভিনয়শৈলী।
সিঙ্গেল শটের ছবি বানিয়ে বেশ ঝুঁকি নিয়েছিলেন পরিচালক স্যাম মেন্ডেস। কিন্তু স্রোতস্বিনী নদীতে যখন লাশের ফাঁক গলে ভেসে আসে শুভ্র ফুল, তখন মনে হয় মন্দ হয়নি পরিচালকের পরীক্ষা। যুদ্ধে জীবন থমকায়, কিন্তু থেমে থাকে না। বারুদের গন্ধ নাকি ফুলের সুবাস—কে কাকে ছাপিয়ে যাবে, সেটিই ঠিক করে দেয় সব।
অনেক কথা হলো। এবার নাহয় সময় খুঁজে দেখে ফেলুন ছবিগুলো।