যুবরাজ জীবন্ত কণ্ঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বছর আগে আবৃত্তির একটি অ্যালবাম তৈরি করেছিলেন অভিনেতা ও নাট্যকার খালেদ খান। সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শ্যামা হাই। গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে মেঘ বালিকা নামের অ্যালবামের সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
২০ বছর আগে আবৃত্তির একটি অ্যালবাম তৈরি করেছিলেন অভিনেতা ও নাট্যকার খালেদ খান। সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শ্যামা হাই। গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে মেঘ বালিকা নামের অ্যালবামের সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

শক্তিমান মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা হিসেবে তিনি পরিচিত। আবৃত্তিতেও ছিল তাঁর একই রকমের গুণপনা। অকালপ্রয়াত এই গুণী শিল্পী খালেদ খানের (যুবরাজ) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর ও শ্যামা হাইয়ের কণ্ঠে পূর্বে ধারণ করা কবিতা আবৃত্তি সংকলন অ্যালবাম মেঘ বালিকা সিডির মোড়ক উন্মোচিত হলো।
গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সিডির মোড়ক উন্মোচন করেন নাটকের মানুষ আলী যাকের। খালেদ খান বিভিন্ন সময়ে বাংলা ভাষার বেশ কয়েকজন কবির কবিতা আবৃত্তি করেছিলেন। সেই সব আবৃত্তির রেকর্ড থেকে বাছাই করে সংকলন করা হয়েছে এ অ্যালবামে। অ্যালবামটিতে শ্যামা হাই খালেদ খানের সঙ্গে সাতটি কবিতায় যুগ্ম আবৃত্তি করেছেন।
অনুষ্ঠানের শুরুতে যুবরাজের সিডি থেকে দুটি আবৃত্তি বাজিয়ে শোনানো হয়। আবৃত্তির ফাঁকে ফাঁকে সমবেত কণ্ঠে গান করেন যুবরাজের সহধর্মিণী মিতা হকসহ আনন্দধ্বনি শিল্পীরা। এ ছাড়া গান শোনান শারমিন সাথী ইসলাম ও জান্নাত এ ফেরদৌসী।
এরপর সিডির মোড়ক উন্মোচন করেন আলী যাকের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার ও যুবরাজ-তনয়া জয়িতা। আলী যাকের যুবরাজকে নিয়ে তাঁর দীর্ঘদিনের পথচলার স্মৃতি রোমন্থন করেন।
প্রায় ২০ বছর আগে এই আবৃত্তিগুলো যন্ত্রে ধারণ করা হয়েছিল। এত দিনে তার মুক্তি দেওয়া হলো। অনুষ্ঠান শেষ হয় আনন্দধ্বনির শিল্পীদের পরিবেশনায় ‘আমায় মুক্তি আলোয় আলোয়’ সম্মেলক গান দিয়ে। অ্যালবামটিতে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। মোট ১৮টি কবিতা রয়েছে এ অ্যালবামে। দাম ৮০ টাকা।