যুবরাজের জন্য শোক

বিশিষ্ট নাট্যাভিনেতা খালেদ খানের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা। সংগঠনটির সভাপতি খায়রুল আলম সবুজ বলেন, ‘খালেদ খানের মৃত্যুতে বাংলাদেশের নাট্যাঙ্গন এক অসাধারণ নাট্যব্যক্তিত্বকে হারাল। বড্ড অসময়ে চলে গেল সে। সক্রিয় সাংস্কৃতিক চর্চার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। অনেক কিছুই দিতে পারত সে। কিন্তু সব থেমে গেল। অনেক কষ্ট হচ্ছে। দুঃখ প্রকাশের চেষ্টা করছি। কিন্তু এটা তো আর প্রকাশের মতো কোনো বিষয় নয়।’
খায়রুল আলম সবুজ আরও বলেন, ‘আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। বহুবার ভাবনার আদান-প্রদান হয়েছে আমাদের মধ্যে। অনেক কাজ যেমন আমরা বাস্তবায়ন করতে পেরেছি, তেমনি না পারা অনেক কাজও রয়ে গেছে। সে আমার সহকর্মী হলেও, আমি তাকে ছোট ভাই বলেই মনে করতাম। আধুনিক মানসিকতার একজন মানুষ ছিল খালেদ খান। তার ভেতরের শিক্ষা ও চর্চার ছাপ পাওয়া যায় তার কাজে।’
খালেদ খানের কাজ সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে খায়রুল আলম সবুজ বলেন, ‘এ ক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা থাকবে। মঞ্চ নাটকের ক্ষেত্রে খালেদ যে দলের সঙ্গে কাজ করেছেন এ উদ্যোগটা তাদেরই নিতে হবে। গুণী মানুষের কাজ সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশে একধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়। খালেদ খানের কাজ সংরক্ষণের জন্য যেসব অঙ্গনে সে কাজ করেছে, সেসব অঙ্গনের মানুষদের এগিয়ে আসতে হবে।’
প্রসঙ্গত, খালেদ খান ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি। ধানমন্ডির সাতমসজিদ রোডে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে তিনি রেজিস্ট্রার হিসেবে চাকরিরত ছিলেন। ১৯৭৫ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চ নাটকে তাঁর যাত্রা শুরু হয়। মঞ্চে তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘অচলায়তন’, ‘নূরলদীনের সারা জীবন’, ‘ঈর্ষা’, ‘দর্পণ’, ‘গ্যালিলিও’ ও ‘রক্তকরবী’। ‘ঈর্ষা’ নাটকে অভিনয়ের জন্য কলকাতায়ও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। খালেদ খান নির্দেশিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’, ‘পুতুল খেলা’, ‘কালসন্ধ্যা’, ‘স্বপ্নবাজ রূপবতী’, ‘মাস্টার বিল্ডার’ ও ক্ষুদিত পাষাণ’।
১৯৮১ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে টিভি নাটকে অভিষেক হয় খালেদ খানের। তাঁর অভিনীত প্রথম টিভি নাটক ‘সিঁড়িঘর’। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। একাধিক নাটকে তাঁর বেশ কিছু সংলাপ জনপ্রিয়তাও পায়। বিশেষ করে নব্বইয়ের দশকে ‘রূপনগর’ নাটকে তাঁর ‘ছি ছি, তুমি এত খারাপ’ সংলাপটি চলে আসে মানুষের মুখে মুখে। তাঁর অভিনীত জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এইসব দিনরাত্রি’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘রূপনগর’, ‘মফস্বল সংবাদ’, ‘লোহার চুড়ি’ ও ‘সকাল সন্ধ্যা’।
গত সোমবার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদ খান। এর পর থেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। চিকিত্সকেরা জানিয়ে দিয়েছিলেন, এ অবস্থা থেকে আর ফেরা সম্ভব নয়। কিন্তু স্বজনদের আশা ছিল, যদি ফেরেন। অবশেষে সবার আশা ভঙ্গ করে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় চিকিত্সকেরা ঘোষণা দেন, খালেদ খান আর নেই। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।