
চলচ্চিত্রে প্রথম দেখায় প্রেম বোধ হয় আজকাল আর জমছে না। তাই বলে ‘প্রথম দেখায় চুমু’ কি একটু বাড়াবাড়ি হয়ে যায়? ২০ জুলাই স্টার সিনেপ্লেক্সে অগ্নি ২ দেখতে বসে বোঝা গেল, নায়ক ওম (পর্দায় চরিত্রের নাম ঈশান) অন্তত তেমনটা ভাবছেন না। ‘একখান চুম্মা দে’ বলে নেচে-গেয়ে তিনি যখন মাহির পিছু নিয়েছেন, ততক্ষণে একবার তাঁদের মধ্যে চুমু পর্ব সারা হয়ে গেছে। সে হিসেবে গানের কথায় ‘আরও একখান চুম্মা দে’ বলাটাই বোধ হয় যুক্তিসংগত হতো! বলা নেই-কওয়া নেই রাস্তায় অপরিচিত এক যুবককে অগ্নি চুমু খেলেন কেন? আসল ঘটনা হলো, পুলিশ তাড়া করছিল তাকে (মাহি)। পুলিশের চোখে ধুলো দিতে সে সময় এ ছাড়া আর কোনো উপায়ই ছিল না বেচারির!
এই যা! মাহির অগ্নিমূর্তি দেখে তাঁকে বেচারি বলাটা মানায় না একদম। এর আগে অগ্নি ছবিতে শিশিরকে (আরিফিন শুভ) সঙ্গে নিয়ে গুন্ডাপান্ডাদের শায়েস্তা করেছেন। অগ্নি ২ ছবির শুরুতেই মাফিয়া দল গোল্ডেন ট্রায়াঙ্গালের হাতে মারা পড়ে শিশির। বদলা নিতে অগ্নি খুঁজতে শুরু করে এর মূল হোতা পাইথনকে। একে একে খুন হতে থাকে পাইথনের সঙ্গীরা।
যৌথ প্রযোজনার ছবিটিতে মাহিকে সঙ্গ দিয়েছেন ভারতীয় নায়ক ওম। টাইটেলে কলাকুশলীদের নাম দেখে মনে হলো, ক্যামেরার সামনে-পেছনে বাংলাদেশ আর ভারতের মোটামুটি সমান অংশগ্রহণ ছিল। সংলাপ, পোশাক, গানের কথা কিংবা সম্পাদনায় অবশ্য এ সময়ের ভারতীয় বাংলা ছবির ধাঁচটাই চোখে পড়ল বেশি। গানের দৃশ্যায়ন চমৎকার। মাহি-ওম জুটিকে বেশ মানিয়েছে। অগ্নি ২ ছবির জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি নেওয়ার সুফল মাহি পেয়েছেন। মনে হচ্ছে ভবিষ্যতেও এ ধরনের নারীপ্রধান চলচ্চিত্রে পরিচালকেরা তাঁকে নিয়ে ভাবতেই পারেন। ভিলেন চরিত্রে আশীষ বিদ্যার্থী তাঁর স্বভাবসুলভ অভিনয় প্রতিভা দেখিয়েছেন। তবে ইন্টারপোলের কর্মকর্তা অমিত হাসান কেন থাইল্যান্ডের পুলিশদের সঙ্গে বাংলায় কথা বলেন, সেটা বোধগম্য হলো না।
নাচে, গানে, অ্যাকশনে, ঝকঝকে, চমৎকার ছবিটির রোমাঞ্চটা জলে গেল স্রেফ দুর্বল গল্পের কারণে। পরিচালক ইফতেকার চৌধুরীর গল্প নির্মাণে আরও একটু মনোযোগী হলেই বোধ হয় তাঁর পরিশ্রমটা সার্থক হতো। যে ছবির পোস্টারে লেখা আছে ‘এই প্রথম দুই বাংলার সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র’, সে ছবি দর্শক মনে রাখবে তো?