যে কারণে অমিতাভ নেই
ভারতীয় চলচ্চিত্রে প্রভাবশালী দুই গুণী ব্যক্তি সত্যজিৎ রায় ও অমিতাভ বচ্চন। জীবদ্দশায় সত্যজিৎ বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন ঠিকই, কিন্তু বাদ সেধেছে তারকা হিসেবে অমিতাভের আকাশছোঁয়া পারিশ্রমিক। এটি এতই চড়া ছিল যে সে ধাক্কা সামলাতে অপারগ ছিলেন সত্যজিৎ। সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে সত্যজিতের স্ত্রী বিজয়া রায়ের লেখা ‘মানিক অ্যান্ড আই’ বইয়ে।বইটিতে বিজয়া লিখেছেন, ‘জয়া বচ্চন আমাকে বলেছিলেন যে মানিক (সত্যজিৎ রায়) চাইলে তাঁর বাংলা ছবিতে সানন্দে কাজ করতে রাজি অমিতাভ। এ কথা আমি যেন মানিককে বলি।’ তো, এ কথা শোনার পর মানিক মৃদু হেসে বলল, ‘অমিতাভকে নিয়ে ছবি তৈরির কথা প্রায়ই ভাবি। কিন্তু তাঁর মতো তারকার পারিশ্রমিক অনেক বেশি। এই বিপুল ব্যয় বহন করার মতো সামর্থ্য এ মুহূর্তে বাংলা চলচ্চিত্রের কারও নেই।’বিজয়া আরও লিখেছেন, মানিকের এ কথা শোনার পর জয়া অবশ্য তাঁর উদ্দেশে বলেন, ‘এমন করে বলবেন না। আপনার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাই অনেক বড় পাওয়া। আমি নিশ্চিত, অমিতাভ খুব বেশি পারিশ্রমিক নেবে না আপনার কাছ থেকে।’ ১৯৯২ সালের এপ্রিলে সত্যজিৎ রায়ের মৃত্যুর পর থেকে নিয়ম করে ডায়েরি লিখতেন বিজয়া। ডায়েরিতে টুকে রাখতেন সত্যজিতের সঙ্গে তাঁর জীবনের নানা স্মৃতিময় ঘটনা। সবার কাছে অজানা সেসব গল্প খোলামেলা ও বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছেন ‘মানিক অ্যান্ড আই’ বইয়ে। বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন ইন্ডিয়া।