যে কারণে কারিনার সঙ্গে মঞ্চে ওঠেননি সাইফ
সম্প্রতি অনুষ্ঠিত পিপলস চয়েস পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল সদ্য বিবাহিত বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুরের। এ জন্য কয়েক দিন ধরে মহড়াও দিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে এসে বাদ সেধেছে সাইফের শারীরিক অসুস্থতা। মূলত এ কারণেই বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ কাঁপাতে পারেননি সাইফ-কারিনা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, বিয়ের পর সাইফিনাকে প্রথমবারের মতো এক মঞ্চে হাজির করে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন আয়োজকেরা। কিন্তু তাঁদের সে স্বপ্ন ভেস্তে গেছে সাইফের অসুস্থতার কারণে। অনুষ্ঠানের মাত্র দুদিন আগে আয়োজকদের সাইফ জানান, অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তিনি।শেষ মুহূর্তে এসে সাইফের এমন সিদ্ধান্তে আয়োজকেরা নিদারুণ বিপদে পড়ে যান। পরিস্থিতি বেশ জট পাকিয়ে যায়। তবে সাইফের সমস্যার কথা বুঝতে পেরে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।অনুষ্ঠানের মাত্র এক দিন আগে সাইফের পরিবর্তে ছোটপর্দার দুই অভিনেতা গুরমিত ও হূতিককে নেওয়া হয়। অনুষ্ঠানের দিন তাঁরা সাইফ অভিনীত ‘ককটেল’ ছবির ‘তুমহি হো বন্ধু’, ‘এজেন্ট বিনোদ’ ছবির ‘রাবতা’সহ আরও কয়েকটি গানের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেন। আর কারিনা নেচেছেন তাঁর অভিনীত ‘হিরোইন’ ছবির ‘হালকাত জাওয়ানি’ এবং ‘রা ওয়ান’ ছবির ‘ছাম্মাক ছাল্লো’ গানের সঙ্গে।