যে কারণে ক্রিস্টেনকে ক্ষমা করলেন প্যাটিনসন
পরকীয়ায় জড়িয়ে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করলেও শেষ পর্যন্ত তাঁর ক্ষমা পেয়েছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ক্রিস্টেনের ক্রমাগত ক্ষমা চাওয়া, প্রেমিকার প্রতি তীব্র ভালোবাসার পাশাপাশি আরেকটি বিশেষ কারণে ক্রিস্টেনকে ক্ষমা করতে রাজি হয়েছেন প্যাটিনসন। নতুন কোনো তরুণীর সঙ্গে জড়াতে ভয় পাচ্ছিলেন বলেই শেষতক ক্রিস্টেনের সঙ্গে প্রেমের সম্পর্ক এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন প্যাটিনসন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে হলিউডলাইফ জানিয়েছে, ক্রিস্টেনকে অনেক বেশি ভালোবাসেন প্যাটিনসন। তাঁদের মধ্যে বোঝাপড়াটা সত্যিই দারুণ। ক্রিস্টেনকে ছেড়ে নতুন কারও সঙ্গে প্রেম করতে ভয় পাচ্ছিলেন প্যাটিনসন। তিনি আশঙ্কা করছিলেন, সবকিছু জানার পর যে তাঁর জীবনে আসবে, সে হয়তো তাঁকে ব্যবহার করতে পারে। কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে তার।সূত্রটি আরও জানিয়েছে, ক্রিস্টেনের সঙ্গে নিজেকে যথেষ্ট সুখী মনে করছেন প্যাটিনসন। এটা ক্রিস্টেনও খুব ভালো করে জানেন। এখনো প্যাটিনসনের কাছে ক্রিস্টেনই সেরা। এসব দিক বিবেচনা করে ক্রিস্টেনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টোয়াইলাইট’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন প্যাটিনসন ও ক্রিস্টেন। সেই থেকে প্রেমের তরী বাইছেন তাঁরা। মাঝে এই জুটির জীবনে ঝড় তুলেছিল নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁসের বিষয়টি।