যে কারণে খেপেছেন সাবিলা নুর!

প্রতিদিন নিজেকে নিয়ে ‘ট্রল’ বা ‘মিম’ (অনলাইন ফটো কার্টুন) দেখলে কারই-বা মেজাজ ঠিক থাকে। এ কারণেই প্রশ্নটা করেছেন অভিনেত্রী সাবিলা নুর। ফেসবুকের মাধ্যমে সবার কাছে জানতে চেয়েছেন, ‘প্রতিদিন ফেসবুকে লগইন করলেই নিজের ব্যাপারে এক শ-হাজার ডিসগাস্টিং ট্রল দেখতে আপনাদের ভালো লাগত?’
গতকাল শুক্রবার রাতে তাঁকে নিয়ে করা এই ট্রল প্রসঙ্গে একটা স্ট্যাটাস দেন সাবিলা নুর। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাকে তো ছাড়েন না, আমার ক্লোজ মানুষদের ও ছাড়েন নাই। কী ক্ষতি করছি আমি আপনাদের? এখন তো মনে হচ্ছে অ্যাকটিং করে আমি নিজের ওপর নিজে গজব টেনে আনছি।’
স্ট্যাটাসের শেষে অবশ্য অনুরোধ করেছেন সাবিলা, ‘ট্রল বানিয়ে ক্রিয়েটিভিটি নষ্ট না করে ভালো কোনো কাজে এটা ব্যবহার করুন।’
কথা প্রসঙ্গে সাবিলা আরও বলেন, ‘আমরা ভক্তদের কাছে খুব বেশি কিছু চাই না। একটু রেসপেক্ট আশা করি। এমন আজেবাজে “ট্রল” ও “মিম” দেখতে দেখতে আমি ক্লান্ত।’
প্রসঙ্গত, সাবিলা নুর অভিনীত নাটক ও বিজ্ঞাপনের বিভিন্ন ছবির ওপর নানা ধরনের সংলাপ ও মন্তব্য লিখে ফেসবুকে দেওয়া হয়। এগুলো অনেক সময় ফেসবুক ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য ও অনুভূতি বোঝাতে ব্যবহার করে থাকেন।