যে কারণে যাজক হতে পারেননি টম ক্রুজ!
কৈশোরে ক্যাথলিক ধর্মযাজক হতে চেয়েছিলেন এই সময়ের জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ, কিন্তু মদ চুরি করে ধরা পড়ায় তাঁর আর যাজক হওয়া হয়নি।৫০ বছরে পা রেখেছেন টম ক্রুজ। অভিনয় জগতে কাটিয়ে দিয়েছেন দীর্ঘসময়। কিন্তু তাঁর ছেলেবেলার স্বপ্ন ছিল তিনি যাজক হয়ে ধর্ম প্রচার করবেন। তাই কৈশোরে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে সেইন্ট ফ্রান্সিস সেমিনারিতে ভর্তি হয়েছিলেন।টম ক্রুজের স্কুলজীবনের বন্ধু শেইন ড্যাম্পলার কন্ট্যাক্ট মিউজিক ডটকমকে বলেন, ‘ক্রুজসহ আমরা কয়েকজন বন্ধু মিলে মদ চুরি করি। পরিকল্পনা ছিল, পরে সুযোগ বুঝে জঙ্গলে বসে এই মদ পান করব। পরিকল্পনামাফিক মদের বোতল জঙ্গলে লুকিয়েও রেখেছিলাম। কিন্তু কেউ একজন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পরিচালকের কাছে তা ফাঁস করে দেয়। পরে আমরা যখন গোপনে জঙ্গলে গিয়ে সেই মদ পান করছিলাম, ওই অবস্থায় হাতেনাতে ধরা পড়ি। কী আর করা, সব দোষ স্বীকার করে নিতে একরকম বাধ্য হয়েছিলাম।’ড্যাম্পলার আরও বলেন, ‘এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে চিঠি পর্যন্ত পাঠিয়েছিল। তবে ভাগ্য ভালো কর্তৃপক্ষ স্কুল থেকে বহিষ্কার করেনি। আমরা যাজকদের কাজকে মহত্ মনে করে সব ধর্মীয় আচার-বিধিই পালন করতাম। আমাদের কাছে এ বিষয়টি ছিল দারুণ উত্সাহের। কিন্তু পরে ক্রুজের সিদ্ধান্ত তাকে অন্য পথে নিয়ে গিয়েছিল।’