যে কারণে সিনেমা নির্মাণ কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই ঢাকার চলচ্চিত্রের সংখ্যা কমে আসছে। যৌথ প্রযোজনার ছবি বাদে, হঠাৎ হঠাৎ বছরে দু-একটি ছবি দর্শক আলোচনায় এলেও বেশির ভাগ দেশীয় ছবি মুক্তির এক-দুই দিনের মাথায়ই মুখ থুবড়ে পড়ছে। বিনিয়োগের ৮০ থেকে ৯০ ভাগ পুঁজির লোকসান গুনতে হচ্ছে অনেক ছবির প্রযোজককে। এ কারণেই ধীরে ধীরে ছোট-বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে ঢাকার চলচ্চিত্র থেকে। বছর বছর কিছু নতুন প্রযোজক ছবি নির্মাণে যুক্ত হলেও প্রথম ছবি মুক্তির পর বিনিয়োগের বেশির ভাগ অর্থই হারিয়ে সরে যাচ্ছেন তাঁরাও।

গত দুই বছরে প্রযোজক ও পরিবেশক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতার হিসাব থেকে দেখা গেছে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৬৬। ২০১৬-তে এসে ৬২। ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত মুক্তির সংখ্যা ৪৮। ডিসেম্বর পর্যন্ত মুক্তির তালিকায় আছে আরও ৫টি ছবি। তাহলে ২০১৭-তে মোট মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা দাঁড়াবে ৫৩।

এমনকি ছবি নির্মাণের সূতিকাগার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ছবি নির্মাণের জন্য কারিগরি সহযোগিতা নেওয়ার হিসাব খাতাতেও সুখবর নেই বলে জানালেন বিএফডিসির উচ্চমান সহকারী মুজাহিদুল ইসলাম। কারণ হিসেবে তিনি বললেন, ইদানীং নানা সমস্যার সঙ্গে নতুন আরও কিছু সমস্যা যুক্ত হয়েছে। এফডিসিকেন্দ্রিক কিছু পরিচালকের বিরুদ্ধে অভিযোগ শোনা যায়, তাঁরা নানা কৌশলে নতুন প্রযোজক জোগাড় করেন। ছবি নির্মাণ করতে গিয়ে খরচ বাবদ নানা ধরনের হিসাব ধরিয়ে প্রযোজককে পথে বসিয়ে দেন। পরবর্তীকালে ওই প্রযোজক আর এফডিসিমুখী হন না।

ছবি নির্মাণের আগে পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন কমে গেছে গত দুই বছরে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ১৯৭টি ছবির নাম নিবন্ধন করা হয়। ২০১৭ সালে একই সময় পর্যন্ত ১৬৩টি।

বর্তমানে প্রিভিউয়ের জন্য সেন্সর বোর্ডেও কোনো ছবি নেই। বিষয়টিকে সেন্সর বোর্ডের ইতিহাসে বিরল বলে আখ্যায়িত করলেন প্রযোজক ও বর্তমান সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ‘কয়েক মাস ধরে সেন্সর বোর্ডে বাংলা নতুন ছবি জমা নেই, পড়ছেও না। এমন ঘটনা আগে দেখিনি।’

এত দিন ছবি নির্মাণ কমে যাওয়ার মূল কারণ হিসেবে পাইরেসি এবং প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন না হওয়াকে দায়ী করা হলেও সাম্প্রতিক কালে আরও একাধিক সমস্যার কথা বলছেন চলচ্চিত্রপাড়ার মানুষজন।

এ বছর শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে শাকিব খানের ওপর হামলা, সেন্সর বোর্ডের সামনে প্রদর্শক সমিতির সভাপতি নওশাদকে নাজেহাল, শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে মামলাসহ এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের মধ্যে নেতৃত্ব নিয়ে দলবাজিসহ, চলচ্চিত্রে নানা বিশৃঙ্খলাকে দায়ী করা হচ্ছে।

এ ব্যাপারে প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখারুদ্দিন নওশাদ বলেন, পাইরেসি বন্ধ না হলে ভালো প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণ করতে আসবে না। এফডিসিতে শাকিব খানের ওপর হামলাসহ সেখানকার কিছু বৈরী পরিবেশে ছবি নির্মাণে নিরুৎসাহিত হচ্ছেন অনেকেই।

তবে প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘শুধু পাইরেসি নয়, আমাদের এখানে বেশির ভাগ ছবির গুণগত মান এত নিচে নেমে গেছে যে দর্শকেরা ছবি গ্রহণ করছেন না। ফলে ছবি মুক্তির পর বিনিয়োগ হারিয়ে ছোট-বড় ভালো প্রযোজনা প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিচ্ছে।’

এদিকে এসব সমস্যার বাইরে জাজ মাল্টিমিডিয়াকেও দুষছেন কেউ কেউ। দেশের ২৮০টি প্রেক্ষাগৃহে সার্ভার মেশিন বসিয়ে প্রেক্ষাগৃহগুলোতে তাদের নিয়ন্ত্রণ করাকেও দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, বছরে দুই ঈদসহ বড় বড় উৎসবের দিনগুলোতে জাজ প্রযোজিত একাধিক ছবি মুক্তি দেওয়ার কারণে অন্য প্রযোজকের ছবি প্রেক্ষাগৃহ পাচ্ছে না। ফলে নতুন ছবি তৈরিতে নিরুৎসাহিত হচ্ছেন প্রযোজকেরা।

এ ব্যাপারে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, জাজ মাল্টিমিডিয়ার সিন্ডিকেটের কারণে ছবি বানিয়ে সুষ্ঠুভাবে মুক্তি দিতে পারছেন না প্রযোজকেরা। তাদের কথার বাইরে কোনো হলমালিক ছবি নিতে পারেন না। নিলেও পরবর্তীকালে জাজ তাদের সার্ভার নিয়ে ঝামেলা করে এবং তাদের প্রযোজিত বড় বাজেটের ছবি ওই সব হলে মুক্তি দেয় না।

তিনি আরও বলেন, তাঁরা সার্ভার বসানোর মধ্য দিয়ে প্রেক্ষাগৃহগুলোকে জিম্মি করে ফেলেছে। হলের নিয়ন্ত্রণ তাদের হাতে। এসব সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত প্রযোজকদের অনেকেই পুঁজি লগ্নি করতে চাইছেন না।

বিষয়টি পুরোপুরিই অস্বীকার করেছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ‘কোন ছবি চলবে, কোনটি চলবে না, তার সবকিছুই নির্ভর করে হলমালিকদের ওপর। এক ঈদে শাকিব খান প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’১৩৫ হলে মুক্তি পেয়েছিল। আমাদের প্রযোজিত ‘হানিমুন’ ছবিটি মাত্র ৪০টি হল পেয়েছিল।’ তিনি বলেন, ‘উৎসবে অবশ্যই বড় বাজেটের ছবি দিতে হবে। কয়েক বছরের ইতিহাস ঘাঁটলে বুঝবেন জাজ কোন মানের ছবি মুক্তি দিয়েছে।’

পাল্টা অভিযোগ করে এই প্রযোজক বলেন, যাঁরা এসব কথা বলছেন, তাঁরাই চলচ্চিত্রকে ঘুরে দাঁড়াতে দিতে চান না। যৌথ প্রযোজনার ছবিগুলো দর্শক যেভাবে নিচ্ছিলেন, তাতে ঢাকার চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছিল। কিন্তু এফডিসির একটা দলের উদ্যোগে তৈরি নতুন নীতিমালায় যৌথ প্রযোজনার ছবি তৈরি সম্ভব নয়। এতে হলগুলো বন্ধ হয়ে যাবে। আগামী ডিসেম্বরের পর মুক্তির জন্য নতুন কোনো ছবিই নেই।