যে কারণে ‘টাইম’ প্রচ্ছদে আমির
সমাজের নানা অসংগতি নিয়ে আমির খানের সঞ্চালনায় টিভি রিয়েলিটি শো ‘সত্যমেভ জয়তে’ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তারই রেশ ধরে এবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পাওয়া এই বলিউডি অভিনেতা। ১০ সেপ্টেম্বর প্রকাশিতব্য সংখ্যায় আমিরকে নিয়ে ‘খান’স কোয়েস্ট’ শিরোনামে প্রচ্ছদকাহিনি লিখেছেন ‘টাইম’ ম্যাগাজিনের ওয়ার্ল্ড এডিটর ববি ঘোষ। এই লেখায় তিনি আমির খানকে ভারতের ‘প্রথম সুপারস্টার সমাজকর্মী’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। আমির সম্পর্কে ববি লিখেছেন, ‘টিভি শো “সত্যমেভ জয়তে”র মাধ্যমে আমির খান ভারতীয় সমাজে বিদ্যমান ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সেগুলো সমূলে উত্পাটনের পথ খুঁজে বের করার মতো কাজে নিজেকে নিয়োজিত করেছেন। এর আগে বলিউডের কোনো তারকার মধ্যে এমন প্রবণতা দেখা যায়নি। এমন মহত্ উদ্যোগ নিয়ে বলিউডে নজির স্থাপন করেছেন আমির। নিঃসন্দেহে তাঁকে ভারতের ‘‘প্রথম সুপারস্টার সমাজকর্মী’’ বলা যায়। ‘এই অনুষ্ঠানে সমানভাবে গুরুত্ব পেয়েছে সাংবাদিকতা ও আলাপচারিতা। এখানে ভারতে বিদ্যমান এমন কিছু সংবেদনশীল ও নোংরা সামাজিক অসংগতি তুলে ধরা হয়েছে, যা নিয়ে খোলামেলা আলোচনা করতে অনেকেই অস্বস্তি বোধ করে। কিন্তু এই অসাধ্য সাধন করেছেন “সত্যমেভ জয়তে” অনুষ্ঠানের পরিকল্পনাকারী, প্রযোজক ও সঞ্চালক আমির খান। এ ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন নিজের তারকা খ্যাতি এবং ভারতের বিপুল জনগোষ্ঠীর কাছে তাঁর গ্রহণযোগ্যতা।‘নিঃসন্দেহে এটি সাহসী ও দৃঢ়প্রত্যয়ী উদ্যোগ। এর মধ্য দিয়ে নিজের অবস্থানকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন আমির। কারণ, ভারতে অসংখ্য মানুষ তাঁকে আদর্শ হিসেবে মানে, ভালোবাসে। সেই পছন্দের তারকাই এমন কিছু বিষয় সবার সামনে তুলে ধরেছেন, যা থেকে হয়তো আমিরের ভক্তরাও পালিয়ে বেড়ানোর পক্ষেই রায় দেবে।‘ভারতের জনসংখ্যা এখন ১২০ কোটি। এত বিপুল জনগোষ্ঠীসমৃদ্ধ একটি জাতির ওপর একজন চলচ্চিত্র তারকা খুব বেশি প্রভাব ফেলতে পারেন কি? হ্যাঁ, এটা কেবল ভারতেই সম্ভব। কারণ, এখানকার অধিকাংশ মানুষ চলচ্চিত্রপাগল। তারা পছন্দের চলচ্চিত্র তারকার কথা ও কার্যকলাপ এত বেশি গুরুত্ব দেয় যে বিশ্বের আর কোনো দেশেই হয়তো এমন নজির মিলবে না।‘এ অনুষ্ঠানের মাধ্যমে সবার ভেতর যে প্রভাব আমির খান ফেলেছেন, তাতে করে ভবিষ্যতে সমাজের ভালোর জন্য তাঁর নেওয়া যেকোনো পদক্ষেপে সাধারণ মানুষের সমর্থন পাবেন তিনি। আর এর মধ্য দিয়ে কাঙ্ক্ষিত দেশ ও সমাজ গড়ার লক্ষ্যপূরণে কিছুটা হলেও এগিয়ে যাবে ভারত। ৪৭ বছর বয়সী এ অভিনেতা এমন কিছু শৈল্পিক মানের ছবি প্রযোজনা ও পরিচালনা করেছেন, যেগুলো মানুষের মধ্যে ভালো হওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে।’ এর আগে বলিউডের তারকাদের মধ্যে ১৯৭৬ সালে পারভীন ববির ছবি ছাপা হয়েছিল ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে। সে বছরের জুলাই সংখ্যায় ‘এশিয়া’স ফ্রেনেটিক ফিল্ম সিন’ শিরোনামে প্রচ্ছদকাহিনি ছেপেছিল ম্যাগাজিনটি। ২০০৩ সালে ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই পান বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সে বছর ‘নিউ ফেস অব ফিল্ম’ শিরোনামে ঐশ্বরিয়াকে নিয়ে প্রচ্ছদ কাহিনি ছাপে টাইম। পরের বছরের অক্টোবরে এই ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। এশিয়ার অভিনেতাদের নিয়ে ‘এশিয়া’স হিরোস’ শিরোনামে প্রচ্ছদকাহিনি ছাপা হয়। প্রচ্ছদে ছাপা হয়েছিল বলিউডের অভিনেতা শাহরুখ খানের ছবি। এ ছাড়া, ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী, বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার ছবি প্রকাশিত হয়েছে ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে।