যে গানগুলো নিজে গেয়েছিলেন অমিতাভ
বাঙালি নির্মাতা মৃণাল সেনের ‘ভুবন সোম’-এ ভয়েস আর্টিস্ট হিসেবে তাঁর চলচ্চিত্রযাত্রা। তারপর বেশ কয়েক বছর কষ্টে কাটে তাঁর জীবন। ফ্লপ হয় বেশ কিছু ছবি। ‘জঞ্জির’ থেকেই ভাগ্য ফেরে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে গানও গেয়েছেন এই মহাতারকা। আজ ৭৯ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জন্মদিনে আজ তাঁর নিজের গাওয়া কিছু গানের কথা শুনি।
রং বারসে ভিগে চুনারওয়ালি
‘সিলসিলা’ (১৯৮১) ছবির সব কটি গানই সুপারহিট হয়েছিল। ছবিতে ‘রং বারসে ভিগে চুনারওয়ালি’ গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা গানটি নিজেই গেয়েছিলেন অমিতাভ বচ্চন। বলিউডের বিখ্যাত দোলের গান হিসেবে আজও সমান জনপ্রিয় এটি। গানটি একটি প্রচলিত ভজন থেকে অনুপ্রাণিত।
নীলা আসমান সো গ্যায়া
‘সিলসিলা’রই আরেকটি গান ‘নীলা আসমান সো গ্যায়া’। এই গানেও কণ্ঠ দিয়েছেন অমিতাভ। এই গানের মূল সুর শাম্মী কাপুরের। ‘জমির’ ছবির সেটে অমিতাভকে এই গান শুনিয়েছিলেন শাম্মি কাপুর। এরপর যশ চোপড়াকে এই গানের কথা বলেন অমিতাভ। তাঁর আগ্রহেই যশ চোপড়া ‘নীলা আসমান সো গ্যায়া’ গানটি গাওয়ার অনুমতি দেন। জাভেদ আখতারের লেখা গানটি সংগীত পরিচালনা করেছেন শিব-হরি জুটি। গানটিতে নারী কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর।
মেরে আঙ্গনে মে
১৯৮১ সালেরই গান। ‘লাওয়ারিস’ ছবিতে অমিতাভের কণ্ঠে শোনা গিয়েছিল ‘মেরে আঙ্গনে মে’। নাচের গান হিসেবে আজও সমান জনপ্রিয় এই গান। ছবিতে বিভিন্ন অংশে গানটি ব্যবহার করা হয়েছে। কণ্ঠ দিয়েছেন মান্না দে, কিশোর কুমার ও অলকা ইয়াগনিক। তবে মূল গানটি, অর্থাৎ অমিতাভ যে অংশ অভিনয় করেছিলেন, সেটি তাঁর একক পরিবেশনা।
হরি খেলে রঘুবীরা
২০০৩ সালের গান। ‘বাগবান’ ছবিতে অমিতাভের গলায় আবার শোনা গেল রঙের উৎসবের বিশেষ একটি গান। প্রায় ২০ বছর পর হেমা মালিনীর সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। গানটির লেখক সমীর। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদেশ শ্রীবাস্তব। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক।
রোজানা জিয়ে
‘নিশব্দ’ ছবিতে অমিতাভের গলায় ‘রোজানা জিয়ে’ গানটি অসম্ভব জনপ্রিয়। মেয়ের বান্ধবীর সঙ্গে প্রেমে পড়ার গল্প নিয়ে এই ছবি। গানটি সুর করেছেন অমর মোহিলা।
একলা চলো রে
২০১২ সালের গান। বিদ্যা বালানের বিখ্যাত ছবি ‘কাহানি’তে রবীন্দ্রসংগীতটি নিজস্ব ঢঙে গেয়েছিলেন অমিতাভ বচ্চন। বিশাল-শেখর গানটির সংগীত পরিচালনা করেছেন।
পিডলি সি বাতে
২০১৫ সালের গান। ‘শামিতাভ’ ছবিতে অমিতাভকে বাথরুমের কমোডে বসে এ গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখেছেন দর্শক। ইলাইয়া রাজার সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন স্বানন্দ কিরকিরের। ‘পিডলি সি বাতে’ গানটিও নিজে গেয়েছিলেন অমিতাভ বচ্চন।