যে ছবি আসছে...
আয়শাঅভিনয় অঙ্গনে পা রাখার পর থেকেই সোনম কাপুরের ইচ্ছা ছিল জেন অস্টিনের বহুল আলোচিত উপন্যাস এমা অবলম্বনে কোনো ছবিতে অভিনয় করবেন। মেয়ের ইচ্ছা বাবার চেয়ে অন্য কে-ই বা পূরণ করতে পারে? এখানেও রক্ষাকর্তার ভূমিকায় বাবা অনিল কাপুর। মেয়ের জন্য প্রযোজনা করেছেন, এমার কাহিনি অবলম্বনে আয়শা। রাজশ্রী ওঝা পরিচালিত এ ছবির নাম ভূমিকায় স্বাভাবিকভাবেই সোনম। ছবির বড় চমক অভয় দেওলের সঙ্গে সোমনের জুটি। সোচা না থা, দেব ডি, ওয়ে লাকি লাকি ওয়ের আলোচিত নায়ক অভয়ের সঙ্গে সোনমের ব্যতিক্রম রসায়ন নিয়ে বলিউড এখন আলোচনায় মুখর। এমনকি সোনম-অভয় পর্দার বাইরেও প্রেম জমিয়েছেন—এমন খবরও শোনা গেছে। রোমান্টিক কমেডি এই ছবিতে আয়শা ব্যবসা ও ভালোবাসা নিয়ে দ্বিধান্বিত এক মেয়ে। অর্জুন (অভয়) যদিও আয়শার কোনো মতবাদের সঙ্গেই এক নয়; তার পরও আয়শাকে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে অর্জুন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রোমান্টিক কমেডি আয়শা মুক্তি পাচ্ছে আগামী ৬ আগস্ট।সল্টঅনেক সময় অনেক তারকা ছবিকে টেনে নিয়ে যান। তবে সে রকম তারকা হাতে গোনাই আছে বলা যায়। অ্যাঞ্জেলিনা জোলি তেমনই এক তারকা। পর্দা কি পর্দার বাইরে—সবখানেই এই সুপারস্টারকে নিয়ে আলোচনা। স্বাভাবিকভাবেই এই তারকা নায়িকার নতুন ছবি সল্ট নিয়ে আলোচনায় মুখর হলিউড। ফিলিপ নয়সির পরিচালনায় সল্ট ছবির গল্প আবর্তিত হয়েছে জোলির চরিত্রকে ঘিরে। অর্থাৎ ছবির নাম ভূমিকায়ই অভিনয় করেছেন জোলি। ইভলিন সল্ট (জোলি) সিআইএ অফিসার হওয়ার পথে। কিন্তু তাঁকে এই পেশা গ্রহণ করার আগে প্রতিজ্ঞা করতে হয়, নিজের জন্য, সততার জন্য, দেশের জন্য। সৎ থেকে নিজের দেশের জন্য লড়ে যাবে সল্ট। সবকিছু ঠিকমতোই চলছিল, হঠাৎ একজন সল্টের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ আনে। রাশিয়ান গুপ্তচর হিসেবে তার নাম চলে আসে আলোচনায়। কীভাবে সল্ট নিজেকে অপবাদ থেকে মুক্ত করে, তার এত বছরের মেধা, শ্রম, অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য যুদ্ধ করে, স্বামীকে রক্ষা করে, তা নিয়েই ২৩ জুলাইয়ের ছবি সল্ট। ছবিতে আরও অভিনয় করেছেন লিভ স্ক্রেইবার, এন্ড্রে ব্রোহার প্রমুখ। সূত্র: ওয়েবসাইট