যে ছবিগুলো দেখতে পাবেন ঈদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিরো দ্য, সুপারস্টার, মোস্ট ওয়েলকাম-২, হানিমুন, আই ডোন্ট কেয়ার
হিরো দ্য, সুপারস্টার, মোস্ট ওয়েলকাম-২, হানিমুন, আই ডোন্ট কেয়ার

গত বছরের মতো এবারও ঈদের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হাতে গোনা। সারা দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মাত্র চারটি ছবি মুক্তি পাচ্ছে। এবারই প্রথম শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে প্রোডাকশনস’ থেকে মুক্তি পাচ্ছে হিরো দ্য, সুপারস্টার ছবিটি। ছবিটিতে তিনি নিজেও অভিনয় করছেন। অন্য তিনটি ছবি হলো অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম-২, মোহাম্মদ হোসেনের আই ডোন্ট কেয়ার ও শাফি উদ্দীন শাফির হানিমুন।
গত বছরে রোজার ঈদে চারটি ছবির মধ্যে তিন ছবিরই নায়ক ছিলেন শাকিব খান। এবারের ঈদে তাঁর প্রযোজিত একমাত্র হিরো দ্য সুপারস্টার ছবিতেই নায়ক হিসেবে থাকছেন তিনি। বিপরীতে নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস ও ববি।
প্রথম প্রযোজিত ছবি নিয়ে খুবই আশাবাদী শাকিব খান। বললেন, ‘একটা ভালো ছবি নির্মাণের জন্য যা যা করার দরকার সব করেছি আমি। গল্প, গান থেকে শুরু করে উন্নত কারিগরি দিকও ব্যবহার করা হরেছে ছবিটিতে। সে ক্ষেত্রে ছবির বাজেট অনেক বড়। সুতরাং আমার বিশ্বাস, ঈদে দর্শকদের অন্য রকম আনন্দ দেবে এ ছবিটি।’ তিনি জানালেন, এখন থেকে প্রতিবছর অন্তত দুটি করে বড় বাজেটের ভালো ছবি প্রযোজনা করবেন।
অন্যদিকে বর্তমান সময়ে বেছে বেছে হাতে ছবি নিয়ে ঢালিউডে সময় পার করছেন অপু বিশ্বাস। গত বছরের দুই ঈদে তাঁর অভিনীত একটা একটা ছবি মুক্তি পেয়েছিল। এবারও একটা ছবি মুক্তি পাচ্ছে। অপু বললেন, ‘যেহেতু এখন বেছে বেছে কম কাজ করছি, তাই ঈদে একটা ছবিই মুক্তি পাচ্ছে। আর আমি মনে করি একটা ছবি মুক্তি পেলে নিজের জন্যও ভালো হয়। দর্শক বিভক্ত হয় না। একসঙ্গে বেশি ছবি মুক্তি পেলে দর্শকের উপচে পড়া সমর্থনও পাওয়া যায় না।’ তিনি আরও বললেন, বছরে চার-পাঁচটা ছবির মধ্যেই থাকতে চাই। কম কাজ করব কিন্তু ভালো কাজ দর্শককে উপহার দিতে চাই। গত এক বছরে আমার যে পরিবর্তন এসেছে সত্যিকারের পরিবর্তন হিরো দ্য সুপারস্টার ছবির মধ্য দিয়ে দেখা যাবে। ছবিটিতে একেবারেই নতুন অপু বিশ্বাসকে পাবেন দর্শকেরা।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, হিরো দ্য সুপারস্টার ছবিটি সারা দেশে প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
ঈদে ছবির মুক্তির তালিকায় আছে অনন্ত জলিল অভিনীত ও পরিচালিত মোস্ট ওয়েলকাম-২ ছবিটি। বিপরীতে আছেন বর্ষা। অনন্ত বললেন, ছবিটি রোমান্টিক অ্যাকশন ধাঁচের হলেও অ্যাকশনের মাত্রা বেশি। তবে এ ছবিতে অ্যাকশনের নতুন মাত্রা যোগ করা হয়েছে। উন্নত কারিগরি মানের কারণে ছবিটি উপভোগ্য হবে। বাইরের দেশের শিল্পীরাও ছবিতে কাজ করেছেন। ঈদে অন্য রকমের আনন্দ দেবে দর্শকদের।
তিনি জানান, দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই ছবিটি লোকেশনের ক্ষেত্রেও ভিন্নতা আনা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের চেন্নাই, হায়দরাবাদ, লাদাখ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের লন্ডন শহরের আশপাশে শুটিং করা হয়েছে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন সোহেল রানা, চম্পা, দিতি, প্রবীর মিত্র, মিশা সওদাগর, কাবিলা, ডন, নিনো (ইটালি), জিম(যুক্তরাষ্ট্র) ও অলিভার (জার্মানি)
ঈদে মুক্তির মিছিলে থাকা দুটি ছবির নায়ক হিসেবে আছেন নতুন প্রজন্মের বাপ্পী। ছবি দুটি হলো হানিমুন ও আই ডোন্ট কেয়ার। ‘খুবই টেনশনে আছি। এবারে ঈদে শাকিব খান ও অনন্ত জলিল অভিনীত বড় বাজেটের দুটি ছবি হিরো দ্য সুপারস্টার ও মোস্ট ওয়েলকাম-২ মুক্তি পাচ্ছে। আমার ছবিকে তাঁদের ছবিগুলোর সঙ্গে লড়াই করতে হবে।’ বললেন বাপ্পী। হানিমুন ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন মাহি।
হানিমুন ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি জানান, সারা দেশে ৬০টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।
ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। আই ডোন্ট কেয়ার ও হিরো দ্য সুপারস্টার। দুটি ছবি নিয়েই খুব আশাবাদী ববি। বললেন, ‘সব সময়ই দর্শকের সমর্থন পেয়ে আসছি। দর্শকের ভালোবাসা নিয়েই এ পর্যন্ত এসেছি। ঈদের দুটি ছবি দুই রকমের। আই ডোন্ট কেয়ার পুরোটাই প্রেমের ছবি আর হিরো দ্য সুপারস্টার রোমান্টিক অ্যাকশন। আশা করছি দুটি ছবিই দর্শকের কাছে ভালো লাগবে।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।