
মাসুম
সেলুলয়েডের ফ্রেমে বলিউডের অন্যতম চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক শেখর কাপুরের প্রথম সৃষ্টি মাসুম। হ্যাঁ, সেই শেখর কাপুর, যাঁর হাতের ছোঁয়াতেই পরবর্তী সময়ে মিস্টার ইন্ডিয়া, ব্যান্ডিট কুইন, এলিজাবেথ ইত্যাদি ছবি নির্মিত হয়েছিল। তবে শেখর কাপুরের এই কাজটিকে বলিউডের ‘মাস্ট সি মুভি’ বা দেখতেই হবে—এমন ছবির কাতারে না রেখে পারেননি চলচ্চিত্রবোদ্ধারা। একটি সুখী পরিবারের গল্প দিয়েই ছবির শুরুটা। দুই মেয়ে পিংকি আর মিন্নিকে নিয়ে সুখেই কাটছিল ইন্দু-ডিকের সেই পরিবার। সুখের সেই তরীতেই হঠাৎ এসে হাজির আট বছর বয়সী এক ছেলে রাহুল। আসলে ডিক মালহোত্রা নিজেও জানতেন না, ক্ষুদ্র সময়ের এক চপলতায় তাঁর মৃত প্রেমিকার গর্ভেই জন্ম হয়েছিল রাহুলের। আর এই নিয়েই বাঁধতে শুরু করে দাম্পত্য-সংকট। তথাকথিত অবৈধ সন্তানটিকে আপন করে নিয়ে পরিবারটি আবানে সুখী হয়ে উঠতে পারবে কি? ১৯৮৩ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমী। শিশুপুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন যুগল হংসরাজ।

কাভি খুশি কাভি গাম
২০০১ সালের বক্স অফিস কাঁপানো বলিউড ছবি কাভি খুশি কাভি গাম। প্রথম ছবি কুচ কুচ হোতা হ্যায়-এর ব্যাপক সাফল্যের পর পরিচালক করন জোহর আবারও ফেরেন শাহরুখ এবং কাজলকে নিয়ে। শুধু তাই নয়, বলিউডের তিন বড় মাপের তারকাকে একসঙ্গে এই ছবিতে এনে ছিলেন করন জোহর। বলতে গেলে সেই সময়ের পুরো বলিউড যেন চলে এসেছে এই ছবিতে। ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, হৃত্বিক রোশান, কারিনা কাপুর, অলক নাথ, ফরিদা জালাল প্রমুখ। শুধু পরিচালনায় নয়, ছবিতে রোমান্সকে কেন্দ্র করে রাইচাঁদ পরিবারের এক অসম্ভব সুন্দর গল্প সাজিয়েছিলেন করন জোহর নিজেই। ছবির সেট, সুন্দর লোকেশন আর জনপ্রিয় গানগুলো এখনো দর্শকদের মনে গেঁথে আছে। ফিল্মফেয়ারে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল ছবিটি।

হাম সাথ সাথ হ্যায়
ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকো হ্যায় কৌন ছবির পর আবারও সুরাজ-সালমান জুটি। তবে এবার শুধু সালমান নন, কাস্টিংয়ের লিস্টিটা ছিল অনেক বড়। ছিলেন সাইফ আলি খান, কারিশমা কাপুর, টাবু, সোনালি বেন্দ্রে, মনীষ ভেল, নীলাম, সতীশ শাহ, মহেশ ঠাকুর, অলক নাথ, শক্তি কাপুরের মতো তারকারাও। পারিবারিক বন্ধন নিয়ে নির্মিত পরিচালক সুরজ বারজাতিয়ার এই ছবির জীবন-ঘনিষ্ঠ সুন্দর সুন্দর সংলাপগুলো আপনার মন ছুঁয়ে যাবেই। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবিটির মনকাড়া গানগুলো গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়াল, হরিহরণ, কুমার শানু, উদিত নারায়ণ, রূপ কুমার রাঠোরের মতো বিখ্যাত সব শিল্পী।

পা
বাবা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছেপা ছবির এক আবেগঘন কাহিনি। ছবিতে বিদ্যা হলেন গাইনোকলোজিস্ট। ১৩ বছরের প্রোজেরিয়া আক্রান্ত ছেলে অরোকে ঘিরেই তাঁর জীবন। অরো বুদ্ধিমান কিন্তু রোগের কারণে বয়সের তুলনায় দেখতে একেবারে বৃদ্ধ মানুষের মতো। জন্ম থেকে অরো বাবার স্নেহ থেকে বঞ্চিত। কারণ বিয়ে হওয়ার আগেই মায়ের গর্ভে থাকার সময়ে তাঁর বাবার সঙ্গে মার বিচ্ছেদ হয়ে যায়। ঘটনাচক্রে অরোর সঙ্গে স্কুলের এক অনুষ্ঠানে তাঁর বাবার সাক্ষাৎ হয়। অরো জানতে পারে ওই ব্যক্তিই তাঁর বাবা। অতঃপর সে কীভাবে বাবার সংস্পর্শে আসে? সে কীভাবে মা-বাবার সম্পর্ককে মধুর করে? ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অরোর ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। অরোর মা-বাবার ভূমিকায় ছিলেন বিদ্যা বালান এবং অভিষেক বচ্চন।