যে ছবির দিকে তাকিয়ে বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রইস ছবিতে শাহরুখ খান
রইস ছবিতে শাহরুখ খান

২০১৬ সালে সুলতান কিংবা দঙ্গল ছাড়া আর কোনো বড় বাজেটের ছবি তেমন আলো ছড়াতে পারেনি। অল্প বাজেটের এয়ারলিফট, নিরজা কিংবা পিংক চমক দেখালেও, আয়ের দিক থেকে ২০১৬ সাল বলিউডের জন্য তেমন বিশেষ ছিল না। তাই বলিউডবণিকেরা এখন ২০১৭ সালে এসে আশায় বুক বেঁধেছেন। ৫০০ আর ১ হাজার রুপির নোট বাতিলের পরপরই অর্থনৈতিকভাবে অস্থির বলিউড এ বছর নতুনভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। বলিউডের সহায় হবেন শাহরুখ, সালমান, অক্ষয়, রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো নামগুলো। আসুন, চোখ দেওয়া যাক ২০১৭ সালের আলোচিত কিছু ছবির দিকে
১. ‘রইস’
এ মাসেই মুক্তি পাবে বছরের প্রথম শাহরুখ খান অভিনীত ছবি রইস। এর মধ্য দিয়েই মূলত ২০১৭ সালে বড় বাজেটের ছবির মুক্তি শুরু হবে। ছবিটি গত বছর থেকেই আছে আলোচনার শীর্ষে। এ বছরের শেষের দিকে এসে এর অভিনেত্রী পাকিস্তানের মাহিরা খানকেও নিয়ে হয় নানা আলোচনা। তাই আলোচিত ছবির নাম বলতেই শুরুতে রইস-এর নাম চলে আসাই স্বাভাবিক।
২. ‘টিউবলাইট’
যখন শাহরুখের কথা এল, তখন তো তাঁর বন্ধু সালমানের নামটি আসবেই। এ বছর সালমান আছেন বেশ পোক্ত আসনে। কারণ গত বছর এ অভিনেতা বক্সঅফিসে সুলতানদিয়ে ভালোই খেলা দেখিয়েছেন। শেষমেশ দঙ্গল মুক্তি না পেলে বলিউড নামের ‘জঙ্গলে’ এক সালমানই হয়ে থাকতেন ‘বনের রাজা’। এবার তিনি বলিউডে আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত, তাঁর ছবি টিউবলাইটদিয়ে।
৩. ‘রিং’
শাহরুখের আরও একটি ছবির জন্য এ বছর দর্শকেরা অধীর হয়ে থাকতে পারেন। সেই ছবিটির নাম রিং। এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে। তবে ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নির্মাতা। জাব উই মেট, রকস্টারআর তামাশার পরিচালক ইমতিয়াজ আলী এ ছিবটি বানিয়েছেন। আর এই নির্মাতার সঙ্গে অভিনয় করাটা এখন বলিউড তারকাদের জন্য এক লোভনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

৪. ‘পদ্মবতী’

গণমাধ্যমে এই ছবির খবর গত বছর এত পরিমাণে প্রচারিত হয় যে এ নিয়ে আলোচনা করা এক খুব সাদামাটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছবির শিল্পী নির্বাচনের কারণেই পদ্মাবতীবেশ কয়েকবার হয়েছে খবরের শিরোনাম। তাই সঞ্জয়লীলা বানশালী অভিনীত এ ছবি হবে ২০১৭ সালে দর্শকদের জন্য এক বিশেষ প্রাপ্তি।

৫. ‘জলি এলএলবি টু’

অক্ষয় কুমার নামটিই যেন সাফল্যের সমার্থক হয়ে উঠেছে। ২০১৬ সালে ব্যবসাসফল ১০ ছবির মধ্যে তিনটিতেই ছিলেন অক্ষয়। তাঁর তিনটি ছবিই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। তাই এ বছরও এই অভিনেতাকে ঘিরে প্রত্যাশ্যার মাত্রা অনেক বেশি। এ বছর এ অভিনেতার তিনটি ছবি মুক্তি পাবে—জলি এলএলবি টু, টয়লেট এক প্রেম কথা ও রোবট ২.০। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা জলি এলএলবি টু ছবিটি ঘিরে। কারণ জলি এলএলবি সিরিজের এর আগের ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল।

৬. ‘জাগ্গা জাসুস’

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই জাগ্গা জাসুস ছবি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। তবে ছবির শুটিংয়ের সময় থেকে এর মূল পাত্রপাত্রী রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ছিলেন আলোচনার শীর্ষে। তবে এই সাবেক প্রেমিক জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ বিপদের পড়ে জাগ্গা জাসুস। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে ছবিটি। ট্রেলার মুক্তির মধ্য দিয়ে এ ছবি জানান দিয়েছে যে শিগগিরই আসছে এটি।

৭. ‘রেঙ্গুন’

বিশাল ভরদ্বাজের ছবি মানেই অপেক্ষার অবসান। তাই এ বছর রেঙ্গুনমুক্তির মধ্য দিয়ে সেই অপেক্ষাতেই ইতি টানবেন বিশাল। এ ছবির শিল্পী নির্বাচনও ছিল আকর্ষণীয়। কারণ এতে প্রথমবারের মতো কারিনা কাপুর খানের সাবেক প্রেমিক শহীদ কাপুর অভিনয় করেছেন তাঁর স্বামী সাইফ আলী খানের বিপরীতে। আর কেন্দ্রীয় নারী চরিত্রে আছেন কঙ্গনা রনৌত।

৮. ‘বাহুবলী টু’

বাহুবলীছবির সাফল্য এ ছবির দ্বিতীয় কিস্তিকেও করেছে কাঙ্ক্ষিত। প্রথম ছবি মুক্তির পর থেকেই এর পরের পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।

৯. সঞ্জয় দত্তের জীবনী

এ বছরই সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে সিনেমা তৈরি করে মুক্তি দিতে চান নির্মাতা রাজকুমার হিরানী। ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। আর রণবীরের বিপরীতে থাকবেন সোনম কাপুর। তবে ছবির শুটিং এখনো শুরু হয়নি, ঠিক হয়নি ছবির জন্য উপযুক্ত নামও।

১০. ‘রোবট ২.০’

রজনীকান্ত তো বলিউডে এক উন্মাদনার নাম। সেই নামের সঙ্গে যদি যুক্ত হয় অক্ষয় কুমার ও এ আর রহমানের মতো দুই কিংবদন্তির নাম, তাহলে তো কথাই নেই। সেই আকর্ষণীয় রসায়নটিই দেখা যাবে রোবট ২.০ ছবিতে। এতে আগের ছবির মতো যথারীতি মূল চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। নেতিবাচক চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর ছবির সংগীত পরিচালক এ আর রহমান।

আদর রহমান, মিড ডে ও ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে