যে মাঝি পাহাড় ভেঙেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝি ছবির দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিক
মাঝি ছবির দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিক

‘তোমার জন্য আমার পাহাড়সমান ঘৃণা!’ এই প্রবাদ কি দশরথ মাঝির গল্প শোনার পর ছড়িয়েছে সবার মুখে? ভারতের বিহার রাজ্যের গেহলর গ্রাম। এই গ্রামের দশরথ মাঝি ২২ বছর ধরে ভেঙেছেন পাহাড়। কারণ? কারণ দিনমজুর স্বামীকে খাবার দিতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যান দশরথের স্ত্রী ফাগুনিয়া। স্ত্রীর রক্তের বদলা নিতেই পাহাড় ভাঙতে যান দশরথ। দশরথ মাঝির জীবনের সত্যিকারের এই গল্প নিয়েই তৈরি মাঝি: দ্য মাউন্টেন ম্যান ছবিটি।
গল্পটা শুরু ১৯৬০ সালে। বিহারের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম গেহলরের বাসিন্দা দশরথ। তিনি একাই ২২ বছরে পাহাড় ভেঙে রাস্তা গড়েছেন। যে গ্রামের মানুষদের জীবনের মৌলিক চাহিদাগুলো মেটাতে প্রতিদিন চার মাইলের পথ পাড়ি দিতে ৪০ মাইল পথ ঘুরতে হতো, কিংবা পায়ে হেঁটে ৩০০ ফুট উঁচু পাহাড় পেরোত, সেখানে এখন মাত্র কয়েক মিনিটে তারা পৌঁছে যায় শহরে। এসবই তো দশরথ মাঝির কারণে। ফাগুনিয়ার প্রতি তাঁর ভালোবাসা আর পাহাড়ের প্রতি ঘৃণার কারণে।
দশরথ মাঝি ঘর ছেড়ে হয়ে আছেন পাহাড়মুখী। পাহাড়ের জন্য তাঁর বুকভরা ক্ষোভ আর ঘৃণা। তাই পালের শেষ ছাগলটি বেচে দিয়ে একটা হাতুড়ি আর শাবল কিনেছেন। এই পাষণ্ড পাথুরে পাহাড়কে তিনি ভেঙেই ছাড়বেন। ঘর, বাড়ি, অর্থের মোহ, দশরথ সব ভুলে যান। তাঁর ঘৃণার সামনে প্রকাণ্ড পাহাড় যেন তুচ্ছ। দশরথ মাঝি পাহাড় ভাঙেন, আর তাঁর শুধু মনে পড়ে ‘ফাগুনিয়া’র কথা।
ছবিতে দশরথ মাঝির চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিক। বজরঙ্গি ভাইজান ছবির রেকর্ড ভাঙা সাফল্যের পর তাঁকে ঘিরে দর্শকদের প্রত্যাশা যেন আরও বেড়ে গেছে। নওয়াজ যে ছবিতে আছেন, তাতে বিচিত্র কিছু থাকবে না, এমন হয়? ইদানীং বলিউডের দর্শকদের ধারণা এমনই। নওয়াজউদ্দিনও বুঝতে পারেন এটা। তাই তো দর্শকদের হতাশ করেনিন তিনি। ছবিতে নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য ছবি অহল্যার সাফল্যের পর রাধিকার জন্যও মাঝি: দ্য মাউন্টেন ম্যান খুবই গুরুত্বপূর্ণ ছবি। তাই ছবির মূল পাত্র-পাত্রীকে ঘিরে প্রত্যাশার পারদ ছবি মুক্তির আগেই যেন ঊর্ধ্বে উঠে গেছে।
তবে এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বললেন, ‘আমরা নই, ছবির আসল আকর্ষণ এর গল্প, এর দৃশ্যায়ন। ছবির আসল নায়ক দশরথ মাঝি।’
ঠিক তাই। দশরথ মাঝি তো সত্যিকারের নায়ক।
পাহাড়ভাঙা এ মাঝির গল্প কাল ২১ আগস্ট থেকে উন্মুক্ত হবে সবার জন্য, ভারতের প্রেক্ষাগৃহের পর্দায়। তবে কিছুদিন আগেই এ ছবিটি লিক হয়ে যায় ইন্টারনেটে। দশরথ মাঝির চেষ্টার সামনে যেমন পাহাড়ের উচ্চতাও হার মেনেছিল, তেমনই এ ছবির গল্প আর শিল্পীদের চেষ্টার সামনে হার মানবে এই পাইরেসি, এমনটাই প্রত্যাশা মাঝি: দ্য মাউন্টেন ম্যান ছবির শিল্পী ও কলাকুশলীদের।
আদর রহমান
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি এবং ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে