যে স্বপ্নের পুরস্কারের জন্য কাজ করছেন ইলিয়াস কাঞ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন

জীবনে অসংখ্যবার পুরস্কার আর সম্মাননা পেয়েছেন দেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন। কিন্তু তাঁর স্বপ্নের পুরস্কারটি এখনো অধরাই রয়ে গেছে। সম্প্রতি ‘প্রথম আলো’কে এই তারকা অভিনেতা জানিয়েছেন, যেদিন এ দেশে সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে চলে আসবে, সেদিনই তিনি তাঁর জীবনের সেরা পুরস্কারটি পাবেন।

অভিনয়ের পাশাপাশি নিরাপদ সড়ক চাই আন্দোলন নামে একটি সামাজিক সচেতনতামূলক কাজের যুক্ত আছেন। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। ‘প্রথম আলো’র সঙ্গে আলাপকালে জানিয়েছেন এ শুভ উদ্যোগের সঙ্গে নিজের সম্পৃক্ত হওয়ার কাহিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘১৯৮৯ সালে “বেদের মেয়ে জোছনা” ছবিটি মুক্তি পায়। ছবিটি সে সময় বাংলাদেশের দর্শকদের কাছে আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। এ ছবিটির মুক্তির পরই আমি দুর্ঘটনায় পড়ি। চিকিত্সা করাতে যাই সিঙ্গাপুরে। তারপর সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে চিন্তা করতে থাকি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরি নিয়ে কিছু করার। দেশে ফেরার পর অবশ্য তা আর হয়ে ওঠেনি। এরপর ১৯৯৩ সালে আমার সঙ্গে শুটিংয়ে দেখা করতে যাওয়ার সময় পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যু ঘটে। সড়ক দুর্ঘটনায় তার মারা যাওয়ার পর বিষয়টি আমাকে অনেক বেশি ভাবায়। পরিকল্পনা করতে শুরু করি নিরাপদ সড়ক চাই আন্দোলন চালুর। শুরুতে অবশ্য চলচ্চিত্রের অনেকে আমার এ উদ্যোগকে সমর্থন জানায়নি। নানা ধরনের নেতিবাচক কথা অনেকের কাছ থেকে শুনতে হয়েছে। তবে এখন সবাই আমার এই উদ্যোগকে প্রশংসা করছেন। সারা দেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের আমাদের প্রায় শ খানেক কার্যালয় আছে। এসব কার্যালয় থেকে আমরা বছরের প্রায় সব সময় নানা কর্মসূচি নিয়ে থাকি। যাতে চালকেরা সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন থাকেন এবং ঠিকঠাকভাবে যাতে গাড়ি চালায়।’

নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে অনেক স্বপ্ন দেখেন ইলিয়াস কাঞ্চন। তাঁর আশা, বাংলাদেশে একদিন সড়ক দুর্ঘটনা একেবারেই সহনীয় একটা পর্যায়ে চলে আসবে। আর সেদিনই নিজের জীবনের সেরা পুরস্কারটা পেয়ে যাবেন তিনি। তিনি বলেন, ‘জীবনে অনেক পুরস্কারই পেয়েছি, কিন্তু এখনো সেরা পুরস্কার পাওয়া হয়নি। স্বপ্ন দেখছি একদিন ঠিকই সেরা পুরস্কার পাব। আমার সেরা পুরস্কার সেদিনই হবে, যেদিন দেশে সড়ক দুর্ঘটনা একেবারেই কমে আসবে।’

উল্লেখ্য, ১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ ছবি দিয়ে সিনেমায় নাম লেখান। এখন পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ১৫টির মতো নাটক পরিচালনাও করেছেন ইলিয়াস কাঞ্চন। তাঁর পরিচালিত ও অভিনীত সর্বশেষ টিভি নাটক ‘পুরস্কার’ এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।