যে সড়কে অনেক শুটিং

রাজধানীর কারওয়ান বাজার মোড় পার হয়ে বাংলামোটর পৌঁছার আগেই লেক ঘেঁষে একটা রাস্তা চলে গেছে ইস্কাটনের দিকে। হাতিরঝিলের বর্ধিতাংশের সড়ক হিসেবেই এর পরিচিতি। অনেকে হাতিরঝিল বলতে ভালোবাসেন। সেই রাস্তা ধরে এগোলে আসল হাতিরঝিল পৌঁছার আগেই শেষ হয়ে গেছে সেই সড়ক। ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা ছাড়া তেমন যান চলতে দেখা যায় না এখানে। যানবাহন দেখা না গেলেও দেখা মেলে রুপালি পর্দার অনেক তারকার। কারণ, এই সড়কে প্রায়ই শুটিং হয়। ওসব শুটিংয়ে অংশ নেন তাঁরা। নিয়মিত অভিনয় করছেন অথচ এই সড়কে এসে ক্যামেরার সামনে দাঁড়াননি, এমন তারকা পাওয়া কঠিন হবে। পর্দায় কোলাহলহীন বড় সড়ক বা মোড়ের প্রয়োজন পড়লেই নির্মাতারা চলে আসেন এখানে। সড়কের এক পাশে লেক, লেক ঘেঁষে ওপারে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন। রাস্তার শেষ মাথায় রেললাইন। নাটক-সিনেমার শুটিংয়ের যথেষ্ট উপাদান বিদ্যমান। উপরি পাওয়া হিসেবে আছে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি শুটিংবাড়ি।
নির্মাতা শিহাব শাহীন তাঁর প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন-এর শুটিং করেছিলেন এই সড়কে। ছবির অভিনেতা আরিফিন শুভর দুলাভাইয়ের বাড়ি হিসেবে দেখানো হয় প্রিয়াঙ্কা শুটিংবাড়িটিকে। নির্মাতা বলেন, দর্শকেরা ছবিতে দুলাভাইয়ের বাড়ি থেকে রাস্তায় দৌড়াতে দেখেছেন শুভকে।’ এই সড়ক ব্যবহারের কারণ প্রসঙ্গে তিনি বললেন, ‘জায়গাটা নিরিবিলি, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুটিংবান্ধব।’
কদিন আগে এই সড়কেই একটি নাটকের শুটিং করলেন অভিনেতা আশিস খন্দকার। শুটিংয়ের ফাঁকে তিনি বললেন, ‘সময় ও অর্থ বাঁচানোর জন্যই অনেক নির্মাতা এই সড়ক বেছে নেন। কারণ এখানে একসঙ্গে অনেক কিছু মেলে।’
রাস্তায় একটি সিনেমার শুটিংয়ের সময় কথা হয় বড় পর্দার তারকা বাপ্পী চৌধুরীর সঙ্গে। তিনি মজা করে বলেন, ‘অনেকে এটাকে বাপ্পীঝিল বলে ডাকেন। কারণ, আমার বেশির ভাগ সিনেমায় রাস্তার দৃশ্যের শুটিং হয়েছে এখানে। এটা এফডিসির খুব কাছে, এই কারণে যাতায়াতটা অনেক সহজ।’
নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘উত্তরা যাতায়াতে অনেক সময় লেগে যায়। তাই আমার জন্য প্রিয়াঙ্কা শুটিংবাড়ি ও আশপাশের এলাকা পছন্দ।’ এই সড়কে মাঝেমধ্যে শুটিং করেন ছোটপর্দার নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘শুটিংবাড়ির পাশেই যেহেতু সড়কটি, তাই পর্দায় সড়ক দেখাতে হলে অন্য কোথাও না গিয়ে এখানেই শুটিং করি। আর এই সড়কে একটা মফস্বলের আবহ আছে। এক পাশে লেক, পেছনে রেললাইন।’
মোটকথা, নির্মাতাদের পছন্দ বলেই দিন-রাত জমজমাট থাকে এই সড়ক।