যেতে চান বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে তাঁর দুষ্টুমিতে তটস্থ সবাই। ক্লাসে কাগুজে উড়োজাহাজ ছোড়াছুড়ি, স্কুল ফাঁকি দেওয়ার নতুন সব বুদ্ধি—এক কথায় দুরন্ত মেয়ে। তবে চোখভরা স্বপ্ন ছিল—একদিন পাইলট হবেন, উড়োজাহাজ নিয়ে উড়াল দেবেন খোলা আকাশে। পরিচিতজনদের কাছ থেকে মাঝেমধ্যে শোনা যেত অদ্ভুত কথা, ‘তুই মডেলিং কর।’ হেসে উড়িয়ে দিয়ে বলতেন, ‘দূর, আমাকে দিয়ে ওসব হবে!’ তবে সত্যি সত্যি হলো একদিন। বছর চারেক আগের কথা। কোনো রকম ভাবাভাবি ছাড়াই বিলবোর্ড বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য একটি বিজ্ঞাপনী সংস্থার কাছে যাওয়া। এরপর যা হওয়ার তা-ই হলো। প্রথমবারেই নির্বাচিত। গত চার বছরে গোটা দশেক বিজ্ঞাপনচিত্রে অভিনয়। একটি সাবানের বিজ্ঞাপন দিয়ে সবার বিশেষ নজরে আসা, তারপর অতিসম্প্রতি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে এখন মডেলিংয়ে সবার প্রিয় মুখ—সারিকা সাবরিন।এখন পুরোদস্তুর মডেল সারিকা। তাঁর ভাষায়, ‘মডেলিংয়ে আমি নেই, ভাবতেই আজিব লাগে পুরা!’ এত কম সময়ে দর্শকদের সুনজরে আসা, এ নিয়ে সন্তুষ্ট সারিকা। তবে চেষ্টা তো আছেই, আরও ভালো করার। সম্প্রতি নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। তিন-চারটি নাটক এর মধ্যে প্রচারিতও হয়েছে বিভিন্ন চ্যানেলে। প্রচারের অপেক্ষায় আছে আরও কয়েকটি। দুটি ২৬ পর্বের ধারাবাহিকে অভিনয়ের কাজ শুরু করলেও বড় ধারাবাহিকে আগ্রহী নন সারিকা। এক পর্বের নাটক কিংবা টেলিছবি—অভিনয়ে আপাতত এর মধ্যেই থাকতে চান তিনি। সারিকা মনে করেন, মডেলিংয়ে এখনো অনেক কিছুই করার বাকি আছে তাঁর। হতে পারে ভবিষ্যতে নিজেকে অভিনয়শিল্পী হিসেবে দেখতে চান তিনি। কিন্তু এর আগে সত্যিকারের সফল মডেলের পরিচয়টা বসাতে চান নামের পাশে। তাই সেই হেঁয়ালি দুষ্টু মেয়েটি এখন কাজের প্রতি সত্যি খুব সিরিয়াস। তিনি মনে করেন, এ অবস্থায় এসে পেশাদার কাজে এখন আর হেঁয়ালিপনার সুযোগ নেই। ‘মডেলিংয়ের কাজে দায়িত্ববোধের পাশাপাশি পেশার প্রতি আমার শ্রদ্ধা আছে শতভাগ।’ কাজে নিজের পুরোটা দিতে চান তিনি। তাই বলে পাল্টে যাননি আগের সারিকা। বন্ধু কিংবা পরিবারের সবার কাছে ঠিক আগেরটিই আছেন। হয়তো বদলে যায় কাজের সময়। সারিকা জানান, তাঁর কাজে পরিবারের পূর্ণ সহযোগিতা পাচ্ছেন তিনি। বাবা ব্যাংকার সাফিয়ার রহমান; মা রোজী রহমান একটি স্কুল চালান। একটাই ভাই, আশিক, চিকিত্সক। শুধু উত্সাহ আর সহযোগিতাই নয়, সারিকার কাজের প্রধান সমালোচকও তাঁর পরিবার। উত্সাহ পান বন্ধুদের কাছ থেকেও। তিনি বলেন, ‘শুরুর দিকে মডেলিংয়ে আসা নিয়ে বন্ধুদের অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিন্তু এখন তারাই গর্ব করে আমাকে নিয়ে।’ শখের বশে একেবারে হেঁয়ালিপনায় মডেলিংয়ে আসা সারিকা এখন স্বপ্ন দেখেন মডেল হিসেবে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার।