যেন কোনো গ্রামীণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বে‌ঙ্গল সংস্কৃতি উৎসবের চতুর্থ দিনে গতকাল সৈয়দ মুজতবা আলী মঞ্চে কালি ও কলম সাহিত্য সম্মেলনে বক্তৃতা করছেন চিত্রশিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো
সিলেটে বে‌ঙ্গল সংস্কৃতি উৎসবের চতুর্থ দিনে গতকাল সৈয়দ মুজতবা আলী মঞ্চে কালি ও কলম সাহিত্য সম্মেলনে বক্তৃতা করছেন চিত্রশিল্পী রফিকুন নবী l ছবি: প্রথম আলো

কারুমেলা চত্বরে বাজছে বাঁশি, বেহালা, দোতারা। বাঁশ দিয়ে তৈরি স্টলে বসেছে শোলা, মাটি, পরিত্যক্ত কাগজ ও শঙ্খ দিয়ে তৈরি হরেক রকমের জিনিসপত্র। রয়েছে কাপড়ের তৈরি হাতপাখা, নকশিকাঁথা ও দেশি শাড়ি। একটু দূরেই ‘হায় রে জানি কী কী আছে, দেখবার মতো জিনিস আছে’ বলে হাঁকছেন বায়োস্কোপওয়ালা। সব মিলিয়ে এ যেন কোনো এক গ্রামীণ মেলা। বেঙ্গল সংস্কৃতি উৎসব দেখতে আসা মানুষের কাছে এই মেলা বাড়তি পাওয়া। গতকাল শনিবার যাঁরা উৎসবে এসেছেন, তাঁরা একবার হলেও ঢুঁ মেরেছেন কারুমেলায়।
১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। সকালের দিকে মানুষজনের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে বেলা গড়াতেই হাজারো মানুষ সারি বেঁধে উৎসবস্থলে ঢুকতে থাকেন। সন্ধ্যার আগেই নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স হয়ে ওঠে লোকে লোকারণ্য।
এর আগে সকাল সাড়ে ১০টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে কালি ও কলম সাহিত্য পত্রিকার উদ্যোগে দ্বিতীয় দিনের মতো সাহিত্য সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শুরুতেই ছিল সৈয়দ শামসুল হক স্মারক অধিবেশন। এ অধিবেশনের শিরোনাম ছিল ‘ষাটের দশক: তখনকার গল্প এখনকার স্মৃতি’। দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে এ অধিবেশনে মূল বক্তা ছিলেন কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। আলোচকের বক্তব্য দেন লেখক সুব্রত বড়ুয়া, আবুল মোমেন ও প্রশান্ত মৃধা। এরপর ‘কবিতার ভুবনে বিরোধাভাস’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন অনুবাদক কায়সার হক। আলোচক ছিলেন ভারতের বিশিষ্ট গবেষক গঙ্গাপ্রসাদ বিমল, প্রাবন্ধিক আবুল মোমেন ও কলকাতার কবি মন্দাক্রান্তা সেন। এরপর ‘অন্য দেশে অন্য জীবন প্রবাসচিত্র’ শীর্ষক অধিবেশনে কায়সার হকের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের বিশিষ্ট লেখক অমিয় দেব। আলোচক ছিলেন ভারতের লেখক আশিস সান্যাল, গীতিকার শতরূপা সান্যাল ও নেপালের বিশিষ্ট গল্পকার মহেশ পদওয়াল।
বেলা সোয়া দুইটায় ‘সাহিত্য থেকে মঞ্চ ও চলচ্চিত্রে সংযোজন এবং পরিক্রমা’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্র। নাট্যাভিনেতা মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচক ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, লেখক অংশুমান ভৌমিক, জাকির হোসেন রাজু ও ফৌজিয়া খান। এরপর ‘আজকের শিল্পভাষা আর্ট, পারফরম্যান্স ও কবিতার নির্মাণ’ অধিবেশনে সমকালীন ভারতীয় চিত্রকলার জগতে বিশিষ্ট শিল্পী গণেশ হালুইয়ের সভাপতিত্বে মূল বক্তার বক্তব্য দেন ভারতের চিত্রকলাবিষয়ক লেখক সুশোভন অধিকারী। আলোচকের বক্তব্য দেন চিত্রশিল্পী রফিকুন নবী, ঢালী আল মামুন ও শিল্পতাত্ত্বিক আবুল মনসুর।
চিত্রশিল্পী রফিকুন নবী তাঁর বক্তৃতায় কালি ও কলম পত্রিকার প্রতি অতীত ও বর্তমান শিল্পভাষা, আর্ট ও পারফরম্যান্স নিয়ে বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, চিত্রকলা শিল্পের একটি গুরুত্বপূর্ণ শাখা। এর প্রতি নজর ও পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন।
সেমিনারে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, শিল্পের একেক মাধ্যম একেক রকম। কোনোটা কোনোটার পরিপূরক হতে পারে না। তিনি সাহিত্যকে বিকৃতহীন অবস্থায় টেলিভিশন কিংবা অন্য কোনো শিল্পমাধ্যমে উপস্থাপনের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান।