যেন প্রথম প্রেমে পড়ার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা l ছবি প্রথম আলো
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা l ছবি প্রথম আলো

এ যেন প্রথম স্কুলে যাওয়া, প্রথম প্রেমে পড়া, প্রথম মা হওয়া কিংবা প্রথম বই প্রকাশিত হওয়ার মতোই আনন্দ! ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৫’ হাতে নিয়ে এ কথা বলে নিজের অনুভূতি প্রকাশ করলেন রঞ্জনা বিশ্বাস। এ বছর রঞ্জনাসহ চারজন পেলেন এ পুরস্কার।
সাহিত্যপত্রিকা কালি ও কলম এবার অষ্টমবারের মতো এ পুরস্কার দিল। গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে চারটি বিভাগে পুরস্কারটি দেওয়া হয়। ধানের ধাত্রী কাব্যগ্রন্থের জন্য শামীম হোসেন, ধাতব সময় উপন্যাসের জন্য ইমরান খান, মুক্তিযুদ্ধভিত্তিক যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থের জন্য সালেক খোকন ও বাংলাদেশের পালকি ও পালকিবাহক গবেষণাগ্রন্থের জন্য রঞ্জনা বিশ্বাস এ পুরস্কার পেলেন।
আলোচনায় পশ্চিমবঙ্গের সংগীতবোদ্ধা ও ঔপন্যাসিক শঙ্করলাল ভট্টাচার্য বলেন, কালি ও কলম সাহিত্যের অবকাঠামো তৈরির কাজটি করে যাচ্ছে। টি এস এলিয়ট একবার বলেছিলেন, ‘হে প্রভু, আমাকে এত ভালো লিখতে শেখাও যে, আমি আর লিখতে চাইব না।’ সাহিত্যের সর্বোচ্চ মান এমনটাই হওয়া উচিত।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলাদেশের আজকের সাহিত্য বায়ান্ন, উত্তাল ষাটের দশক ও একাত্তরের অভিজ্ঞতায় সিঞ্চিত হয়েছে। তাই এটি পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্য থেকে পৃথক ধারায় বইছে। এবারের পুরস্কার যাঁরা পেলেন, তাঁরা এরই উত্তরাধিকারী। সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এ পুরস্কারের মর্যাদা দুটি কারণে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমটি হলো এর প্রক্রিয়াগত স্বচ্ছতা। কালি ও কলম-এর কেউ বিচার-প্রক্রিয়ার সঙ্গে থাকেন না। দ্বিতীয় কারণ হলো পুরস্কারপ্রাপ্তরা কেউ সাহিত্যক্ষেত্র থেকে হারিয়ে যাননি। মানে পুরস্কারটি সৎপাত্রে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালি ও কলম পত্রিকার প্রকাশক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও পত্রিকার সম্পাদক আবুল হাসনাত।