যেভাবে দেখা পেলাম ঐশ্বরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির প্রদর্শনীতে যাওয়ার আগে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পেছনে (ডানে) মেয়ে আরাধ্য l ছবি: লেখক
ছবির প্রদর্শনীতে যাওয়ার আগে এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পেছনে (ডানে) মেয়ে আরাধ্য l ছবি: লেখক

কতক্ষণ অপেক্ষায় ছিলাম জানি না। হঠাৎ একটা পরিচিত মিষ্টি কণ্ঠ কানে বাজল। দেবদাস থেকে হাম দিল দে চুকে সনম—আরও কত কত ছবি! কত শুনেছি এই কণ্ঠ টিভিতে-সিনেমায়! তবে কি সত্যি সত্যি আসছেন ঐশ্বরিয়া! এই কান উৎসবে চার বছর অপেক্ষা করেছি। অল্পের জন্য ফসকে গেছেন প্রতিবার। বলার মতো করে তাঁর দেখা মেলেনি। কোন ফাঁকে আসেন, কোন ফাঁকে বেরিয়ে যান, বোঝা দায়। এবার তাই আগে থেকে তৈরি।
অন্য কোনো তারকা হলে ভিন্ন কথা। ঐশ্বরিয়ার জন্য অপেক্ষা করাই যায়। তখনো জানি না, মিনিট পাঁচেকের মধ্যে বিস্ময় তো বটেই, বড় একটা ‘অঘটন’ও অপেক্ষা করছে আমার জন্য।
হঠাৎ মনে হলো চারপাশে শুধু লালের বন্যা। সামনে-পেছনে কড়া পাহারায় ঐশ্বরিয়া আমার ঠিক সামনে।
লম্বা গাউন ঐশ্বরিয়ার। সেটা মেঝেতে লুটিয়ে হেঁটে আসছেন বলিউড সম্রাজ্ঞী, বচ্চনবধূ, অথবা সারা ভারতবর্ষের হৃৎকম্পন।
হাসিমুখে বললাম ‘হাই’। ঐশ্বরিয়াও হাসিমুখে বললেন ‘হাই’। বুঝলাম তাঁর মেজাজ ফুরফুরে। ঐশ্বরিয়া তখনো আছেন আমার পাশেই। দুজন ফরাসি পুলিশ তাঁর সঙ্গে ছবি ওঠাচ্ছে। ক্যামেরা তাক করব, নাকি প্রশ্ন করব? অবশেষে বললাম, ‘আপনার অভিনয় অনেক ভালো লাগে।’
ঐশ্বরিয়া জবাবে হাসলেন শুধু। ধুত্তুরি, এটাও কোনো প্রশ্ন হলো না। ঐশ্বরিয়া সম্ভবত আমার অসহায়ত্ব দেখে মজা পেয়ে গেলেন। তিনি চোখ-মুখের এমন একটা ভঙ্গি করলেন যেন ‘ঠিক আছে, গেলাম তাহলে’।
তখনই মনে পড়ল, এই রে! ভিডিও ক্যামেরা তো চালু করা হয়নি। হাতের সনি হ্যান্ডিকাম চালু হলো। তখনই মনে হলো, আরে ঐশ্বরিয়ার দেবদাস তো দেখানোর কথা আজ (শনিবার) কানের সাগরপাড়ে। হড়বড় করে বললাম, ‘আপনার দেবদাস দেখতে চাই।’
কথাটি সঞ্জয় লীলা বানসালির ‘পারু’র পছন্দ হয়ে গেল। কান সৈকতে দেখানোর জন্য তাঁর প্রিয় ছবি হিসেবে দেবদাসকে বেছে নিয়েছেন তিনি নিজেই। ‘অবশ্যই দেখবেন। ঠিক আছে।’—বলে আবার মুখে হাসি ফোটালেন অ্যাশ। বাইরে তখন বহু দর্শনার্থী অপেক্ষমাণ।
ঐশ্বরিয়া চলে যাবেন বলে মুখ ঘুরিয়েছেন। তখনই ঘটল অঘটনটা। আমার পা ঐশ্বরিয়ার লম্বা ঝোলানো গাউনের ওপরে। সর্বনাশ! কিন্তু সাবেক বিশ্বসুন্দরীর মন আজ আসলেই খুব ভালো। অবাক হয়ে চেয়ে দেখি, রাগ নেই তাঁর চোখে এক ফোঁটাও। বিরক্তি থাকলেও সেটা দেখালেন না। ততক্ষণে তাঁর গাউন উদ্ধারে হামলে পড়েছেন দুই নিরাপত্তা প্রহরী। কয়েকজন অটোগ্রাফ শিকারিকে খুশি করে ঐশ্বরিয়া উঠে গেলেন গাড়িতে। গাড়িতে আগেই বসে থাকা মেয়ে আরাধ্যকে কোলে নিলেন। বুঝলাম, ইউরোপে অদ্যাবধি বলিউডের সবচেয়ে বড় বিজ্ঞাপন ঐশ্বরিয়া শুধু ভালো অভিনেত্রী নন, ভালো মা-ও বটে।