
নিজের অফিসে খুব ব্যস্ত ভঙ্গিতে ফোনে কথা বলছিলেন জেরাল্ড দোচোসোয়া। কান ক্ল্যাসিকস বিভাগের দায়িত্বে আছেন এই তরুণ কর্মকর্তা। এই বিভাগেই ১৪ মে প্রদর্শিত হয়েছে আমাদের অঞ্চলের সিনেমার অন্যতম মাইলফলক জাগো হুয়া সাভেরা (ডে শ্যাল ডন)। জাগো হুয়া সাভেরা নিয়ে জানতে এসেছি শুনে আস্তে করে ফোনটা রাখলেন দোচোসোয়া। ইংরেজিতে বললেন, ‘প্রথম আলোর নাম শুনেছি। একটু অপেক্ষা করতে হবে।’
১০ মিনিটে জরুরি কাজ শেষ করে ফিরলেন দোচোসোয়া।
বলেন, ‘বলুন, কী জানতে চান?’
আলাপ শুরু হয়।
জাগো হুয়া সাভেরা (১৯৫৮) এবার কান ক্ল্যাসিকসে নির্বাচন করার কারণ কী?
দোচোসোয়া বলেন, ‘আমাদের মনে হয়েছে ছবিটা সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ। এখনো দারুণ অর্থবহ আর প্রাসঙ্গিক। এটা সংরক্ষিত এবং প্রদর্শিত হওয়া উচিত। আমরা ছবি নির্বাচনপ্রক্রিয়া নিয়ে খুব বেশি মন্তব্য করতে পারি না। তবে এটুকু বলতে পারি, আমরা ছবিটার মান আর অভিনেতাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। ছবিটা আমাদের হৃদয় জয় করে নিয়েছে। এটি শৈল্পিক এবং কারিগরি দুদিক থেকেই দারুণ মানসম্পন্ন একটা ছবি।’
ছবিটার কোন দিক আপনাকে বেশি আকর্ষণ করেছে?
দোচোসোয়ার জবাব, ‘আমি বলব সবদিকই। সিনেমার ইতিহাসে কালজয়ী ছবিগুলো তুলে আনা ও দেখানো আমাদের কাজ। আমরা এখন পুনরুদ্ধার করা ক্ল্যাসিকগুলোর ওপর জোর দিয়েছি। তোমাদের অঞ্চলের খুব ছবি এখানে আসে না। আমার মনে হয়, বাংলাদেশে চিত্রায়িত এটাই প্রথম ছবি, যেটা কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে দেখানো হচ্ছে।’
ছবিটা কীভাবে পুনরুদ্ধার করা গেল?
ছবি পুনরুদ্ধার বা সংরক্ষণে আমরা সরাসরি কাজ করি না। করাচির নৌমান তাসির ফাউন্ডেশন আমাদের এই কাজে সহযোগিতা করেছে।
কান উৎসবে বাংলার জীবন
বাজছে মিষ্টি বাঁশির সুর। চোখের সামনে টলমলে নদীর জল। মাঝনদীতে টিমটিম করে জ্বলছে আলো। জাল টানছে জেলেরা। কান উৎসবের ধ্রুপদি বা ক্ল্যাসিকস বিভাগে ১৪ মে সালে বুনুয়েল হলে প্রদর্শিত হয়েছে জাগো হুয়া সাভেরা। তারই সুবাদে দক্ষিণ ফরাসি সমুদ্র উপকূলে উঠে এল বাংলাদেশের নদীমাতৃক জীবন। এ জে কারদারের এই ছবি বদলে দিয়েছিল পাকিস্তানি সিনেমার দৃশ্যপট। সেই ১৯৫০-এর দশকের খুবই অপ্রতুল কারিগরি সুবিধা নিয়ে আমাদের অঞ্চলের সিনেমার বড়সড় এই মাইলফলকটি তৈরি করেছিলেন এ জে কারদার। সঙ্গে সহকারী হিসেবে ছিলেন জহির রায়হান। ছবির শ্রেষ্ঠাংশে আছেন বাংলাদেশের প্রয়াত অভিনেতা খান আতাউর রহমান। আছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী তৃপ্তি মিত্র। ছবিটির শুটিং হয়েছে মেঘনার তীরে।
কান উৎসব কর্তৃপক্ষ জানাচ্ছে, জাগো হুয়া সাভেরা সেই বিরল ছবিগুলোর একটি, যেটি প্রথমবারের মতো আলো ফেলেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (আজকের বাংলাদেশ) মানুষের জীবন-বাস্তবতার ওপরে। তুলে এনেছিল নগর থেকে বহু দূরের জেলেদের নদীনির্ভর জীবন ও দারিদ্র্যের সঙ্গে লড়াই।
এ জে কারদার বড় ধরনের ঝুঁকি নিয়ে ছবিটি তৈরি করেছিলেন। সেটা বৃথা যায়নি। ছবিটি অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে প্রি-সিলেকশনে জায়গা করে নেয়। পুরস্কার জেতে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি কানে উপস্থাপন করেছে পাকিস্তানের নৌমান তাসির ফাউন্ডেশন। শব্দ এবং ছবি পুনরুদ্ধারের কাজ করেছে লন্ডনের ডিলাক্স রিস্টোরেশন।