যেমন ছিলাম, তেমন আছি: শাবনূর
অভিনয়ের ১৮টি বছর পূর্ণ করলেন। কিন্তু ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে ভাটা চলছে। আপনি কী বলেন?আমি তা মনে করি না। আমি শাবনূর আগেও যা ছিলাম, এখনো তেমনই আছি। এখনো লোকজন আমাকে আগ্রহ নিয়ে দেখে। আমার সম্পর্কে জানতে চায়। নতুন কী কী ছবিতে কাজ করছি, তা জানতে চায়।কিন্তু আপনার ব্যস্ততা তো কমেছে অনেকটাই।একদমই ঠিক না। আমি সকাল থেকে রাত অবধি ব্যস্ত। বলতে পারেন, শুটিং-ডাবিং কম করছি। এটা নিজে থেকেই করেছি। কারণ, ভালো গল্পের ছবি হচ্ছে না, তাই ছবিও হাতে নিচ্ছি না। এখন যে পাগল মানুষ ছবিটির শুটিং করছি, এটার গল্প লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। খুবই ভালো গল্প। আর চরিত্রটি মজার। তাই ছবিটি হাতে নিয়েছি।কেউ কেউ বলেন যে ছবি হাতে নেই, তাই এ ছবিটি হাতে নিয়েছেন?লোকে তো অনেক কথাই বলে। সবই কি ঠিক? আসলে লোকের কাজ হচ্ছে শুধু শুধু কথা বাড়ানো। এসব আমি অবশ্য শুনি না। কারণ, লোকের কথা শুনলে ঘরে বসে থাকতে হবে।আপনি হঠা ৎ করেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কেন?বিরতি নিইনি তো। অস্ট্রেলিয়ায় ভাইবোন থাকে, সেখানে বেড়াতে গিয়েছিলাম। তারপর অসুস্থ হয়ে পড়ি। তাই ছয়-সাত মাস সেখানে ছিলাম। আর এতে করেই কেউ কেউ বলল, আমি নাকি সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েছি। আসলে তো তা নয়। আমি আমার পরিবারের মানুষগুলোর সঙ্গে সময় কাটিয়েছি, এতে দোষের কী?আপনি তো অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পেয়েছেন।শোনেন, আমি শাবনূর যেখানেই যাই, বাংলাদেশের মেয়ে। এখানে থেকে যতটা শান্তি, কোথাও এই শান্তি পাই না। তাই যে যা-ই বলুক, আমি এ দেশেই আছি এবং থাকব। হয়তো গরমের সময়টাতে অস্ট্রেলিয়ায় ভাইবোনদের সঙ্গে সময় কাটাতে যাব।একটু অন্য প্রসঙ্গে আসি। সালমানের মৃত্যুর পরে রিয়াজ—এরপর ফেরদৌসের সঙ্গে জুটি করে কাজ করলেন। সেখানেও সফল হলেন। এরপর শাকিব খানের সঙ্গে সফল হলেন। কিন্তু শাকিবের সঙ্গে আপনার কী হলো যে আপনি একা হয়ে গেলেন?কিছুই না। কে, কী বলেছে, জানি না। পরিচালকেরা নেন না, তাই আমরা একসঙ্গে কাজ করছি না। শাকিব আমার ভালো বন্ধু। সেদিনও অনেকক্ষণ কথা বললাম।আপনি এড়িয়ে যাচ্ছেন। জান আমার জান ছবিতে আপনি নায়িকা ছিলেন। শাকিব আপনাকে বাদ দিতে বাধ্য করেছেন বলে অভিযোগ আছে। অনেক ছবিই হাতছাড়া হয়েছে আপনার। কিন্তু কেন?(এবার শাবনূর অনেকটা নিরুত্তর। এদিক-ওদিক দৃষ্টি দেন।) আমি জানি না। এসব নিয়ে ভাবতে চাই না। আমার এসব নিয়ে কোনো দুঃখ নেই। আমি অনেক ভালো আছি। কারও কাছে নিজেকে নত না করে কাজ করার আনন্দ অনেক। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।আপনার বিরুদ্ধে নাকি শাকিবের অভিযোগ ছিল যে আপনি শুটিং স্পটে দেরিতে আসতেন। ঠিকমতো শিডিউল মেলাতে পারতেন না। এ কারণেই শাকিব ক্ষুব্ধ ছিলেন?আমি জানি না। সামান্য কারণে কেউ যদি ক্ষুব্ধ হয়, হোক। তাতে কী? আমার খুব কি ক্ষতি হয়েছে? আমি নতুনভাবে কাজ শুরু করেছি। এখন এগিয়ে যেতে চাই।শাকিব নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন?কে বলল আপনাকে এ কথা? আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন, তখন দু-একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর।ও আচ্ছা। থাক না এই প্রসঙ্গ। আমি কোনো মন্তব্য করছি না। আমি শাবনূর, এটাই আমার বড় পরিচয়। এরপর কে, কী করছে বা বলছে, সেগুলো দেখার সময় নেই।আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন?অবশ্যই। এর বড় প্রমাণ হচ্ছে ১০ বার মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন।বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়?আমার বৃহস্পতি তো তুঙ্গে।আপনার পরে কে?এখনো দেখি না।তাহলে এ শিল্পের কী হবে?আবার এহতেশাম দাদুকে লাগবে, নতুনদের নিয়ে আসতে হবে। কিন্তু তিনি তো নেই। তবে তাঁর শিষ্য হিসেবে আমি আছি। সামনে ছবি বানাব। সেখানে নতুন ছেলেমেয়েদের নিয়ে আসব।আপনার পরিচালনার কাজটা কবে শুরু করবেন?নতুন বছরেই কাজ শুরু করব।বর্তমানে আমাদের চলচ্চিত্রশিল্পের ব্যবসায় মন্দা ভাব। ছবি চলছে না। প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কী হবে?আগে বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো, মেধাসম্পন্ন চিত্রনাট্যকার আর গল্পকার নেই। কারিগরি সুবিধা নেই। ভালো সিনেমা হল নেই। ভালো প্রযোজক নেই। টিমটিম করে জ্বলে এফডিসি নামের কুপিটা। একটু বাতাস এলেই না-জানি নিভে যায় সেই কুপির আলো। চলুন, তার আগে কুপির সলতেটা ঘিরে ধরি সবাই। দমকা বাতাস যেন নিভিয়ে না দিতে পারে কুপির আলো।