যেমন হতে পারে বলিউড বিশ্বকাপ দল

বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি চলছে পুরো বিশ্বে। অনেকের মতো ফুটবল-জ্বরে আক্রান্ত বলিউডের তারকারাও। ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান তো এক টুইটে জানিয়েই দিয়েছেন, পুরো বিশ্বকাপ মৌসুম টিভির সামনে আঠার মতো লেগে থাকবেন। অন্যদিকে ‘ধান ধানা ধান গোল’ তারকা জন আব্রাহাম মাঠে বসে খেলা দেখতে উড়াল দিয়েছেন ব্রাজিলে। শুধু তা-ই নয়, ২০১৪ ফুটবল বিশ্বকাপে জনকে ভারতের দূত নির্বাচন করা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে সনি সিক্স টিভি চ্যানেলের নতুন শো ‘ক্যাফে রিও’তে নিয়মিত অতিথি হিসেবেও থাকছেন জন। শাহরুখ, জন ছাড়াও ফুটবলে আসক্ত বলিউডের তারকাদের সংখ্যাটা নেহাতই কম নয়। ফুটবল খেলায় পারদর্শী এ তারকাদের নিয়ে বলিউড বিশ্বকাপ দল গড়তে পারলে মন্দ হতো না। সম্প্রতি কাল্পনিক এ দলে খেলার মতো যোগ্য তারকাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।
বিশ্বকাপে ভারতের দূত জন আব্রাহাম
ফুটবল খেলার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে জন আব্রাহামের। ফুটবল খেলায় যথেষ্ট আগ্রহ ও পারদর্শিতার কারণে এবারের বিশ্বকাপে ভারতের দূত নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৭ সালে মুক্তি পায় ফুটবলের বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবি ‘ধান ধানা ধান গোল’। ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জন। এ ছাড়া ভারতীয় ফুটবলার শিবদাস ভাদুড়ির জীবনী অবলম্বনে ‘১৯১১’ শিরোনামে ছবি প্রযোজনার পরিকল্পনা করেছেন জন। ছবিটির নাম ভূমিকায় অভিনয়ও করবেন তিনি। এসব দিক বিবেচনায় নিয়ে বলিউড বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া যেতেই পারে।
ফুটবল ভক্ত শাহরুখ
‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে ফুটবল খেলোয়াড় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ব্যক্তিগত জীবনেও ফুটবল খেলার বিশাল ভক্ত বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। কাজেই বলিউড বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই হতেই পারে।
বলের পেছনে রণবীর
বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে ‘বরফি’ তারকা রণবীর কাপুর কেবল ঝানু অভিনেতাই নন, অভিজ্ঞ ফুটবল খেলোয়াড়ও বটে। বিভিন্ন চ্যারিটি ফুটবল ম্যাচে বহুবার বল নিয়ে ছুটতে দেখা গেছে তাঁকে। বলাই বাহুল্য, বলিউড বিশ্বকাপ দলে তাঁকে রাখলে দলটির জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
ফুটবল ভালোবাসেন সালমান
ক্রিকেট ও ফুটবল দুটি খেলাতেই দুর্দান্ত ‘দাবাং’ তারকা সালমান খান। ফুটবল খেলাকে অনেক ভালোবাসেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতা। বহুবার তাঁকে ফুটবল খেলতে দেখা গেছে। নিঃসন্দেহে বলিউড বিশ্বকাপ দলের সদস্য হওয়ার সব ধরনের যোগ্যতাই রাখেন অভিজ্ঞ এ ফুটবলার।
স্কুলজীবনের ফুটবলার অক্ষয়
অক্ষয় জানিয়েছেন, স্কুলজীবনে নিয়মিত ফুটবল খেলতেন তিনি। সব সময় গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন বলেও জানিয়েছেন এই ‘খিলাড়ি’ তারকা। কাজেই বলিউড বিশ্বকাপ দলের গোলরক্ষক হিসেবে তাঁর চেয়ে যোগ্য আর কে হতে পারেন!
ফুটবলার দিনো মোরিয়া
অভিনয়ের পাশাপাশি ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিতি আছে ‘রাজ’খ্যাত বলিউডের অভিনেতা দিনো মোরিয়ার। অনেক চ্যারিটি ফুটবল ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বলিউড বিশ্বকাপ দলে অনায়াসেই জায়গা পেতে পারেন তিনি।
চ্যারিটি ফুটবলে বরুণ ধাওয়ান
২০১২ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন প্রখ্যাত নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান। অভিষেক ছবিতেই ফুটবল খেলতে দেখা গেছে তাঁকে। পরবর্তী সময়ে একাধিক চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী তরুণ এ অভিনেতা। ফুটবল খেলায় অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে বলিউড বিশ্বকাপ দলে নিশ্চয়ই ঠাঁই দেওয়া যেতে পারে বরুণকে।
ফিট থাকতে ফুটবল খেলেন সিদ্ধার্থ
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বরুণ ধাওয়ানের পাশাপাশি বলিউড অভিষেক হয়েছিল আরেক তরুণ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার। ছবিটিতে তাঁকেও ফুটবল খেলোয়াড় হিসেবে দেখা গেছে। বাস্তব জীবনেও ফুটবল খেলা দারুণ পছন্দ করেন সিদ্ধার্থ। শুধু তা-ই নয়, শরীর ফিট রাখতে নিয়মিতই ফুটবল খেলেন ২৯ বছর বয়সী এ তারকা অভিনেতা। বলিউড বিশ্বকাপ দলে তাঁকে জায়গা করে দিলে নিশ্চয়ই দলের জন্য ভালো কিছু করে দেখাতে পারবেন তিনি।
অভিজ্ঞ ফুটবলার রিতেশ
ফুটবলের চেয়ে ক্রিকেটেরই বেশি ভক্ত ‘হাউসফুল’ তারকা রিতেশ দেশমুখ। ক্রিকেটের বড় ভক্ত হলেও ফুটবল খেলারও অভিজ্ঞতা আছে তাঁর। অন্তত অভিজ্ঞতার কারণে হলেও বলিউড বিশ্বকাপ দলের সদস্য হিসেবে তাঁকে রাখা যেতে পারে।
ঝানু ফুটবলার অভিষেক
প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন যে ঝানু ফুটবল খেলোয়াড়, তা খুব কম মানুষেরই জানা ছিল। একটি ম্যাচে প্রথম তিনি এ খেলায় নিজের পারদর্শিতার প্রমাণ দেন। ওই ম্যাচে ক্রিকেটার বিরাট কোহলির কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিলেন জুনিয়র বচ্চন। এসব দিক বিবেচনায় নিয়ে বলিউড বিশ্বকাপ দলের অন্যতম সদস্য হিসেবে অভিষেককে অন্তর্ভুক্ত করা যেতেই পারে।
দুর্দান্ত গতির ফারহান
গত বছর মুক্তি পাওয়া রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে দুর্দান্ত গতিতে দৌড়াতে দেখা গেছে অভিনেতা, নির্মাতা, গায়ক ও প্রযোজক ফারহান আখতারকে। যিনি এমন তীব্র গতিতে ছুটতে পারেন, তিনি নিশ্চয়ই খুব সহজেই ফুটবলও খেলতে পারবেন। বলিউড বিশ্বকাপ দলে এমন দুর্দান্ত গতিশীল একজন সদস্যকে না রাখাটা নিশ্চয়ই ঠিক হবে না।
ফুটবলে পারদর্শী নিকেতন ধীর
‘যোধা আকবর’, ‘দাবাং ২’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিগুলোতে দেখা গেছে দীর্ঘদেহী নিকেতন ধীরকে। ফুটবল খেলায়ও যথেষ্ট পারদর্শী তিনি। বলিউড বিশ্বকাপ দলে তাঁকে ঠাঁই দিলে সুঠাম দেহের নিকেতনের কাছ থেকে প্রতিপক্ষ দলের সদস্যদের বল কেড়ে নেওয়াটা বেশ কষ্টসাধ্যই হবে। এতে করে জয় পাওয়াটাও বেশ সহজ হয়ে যাবে।
ফুটবলার চরিত্রে অভিজ্ঞ অনিল
বলিউডের ছবিতে শুরুর দিকে ফুটবল খেলোয়াড় চরিত্রে অভিনয় করা তারকাদের মধ্যে অন্যতম অনিল কাপুর। বলিউড বিশ্বকাপ দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলে পুরোনো অভিজ্ঞতার আলোকে নিশ্চয়ই সফলতার প্রমাণ দিতে পারবেন বর্ষীয়ান এ অভিনেতা।
পাকা ফুটবলার আদিত্য
হাঁটু, কাঁধসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে আঘাত পাওয়ার ক্ষেত্রে বিরল নজিরই গড়েছেন শাহরুখ খান। ছবির শুটিং করতে গিয়ে অসংখ্যবার আহত হয়েছেন কিং খান। ফুটবল খেলতে গিয়েও তাঁর আহত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কাজেই বলিউড বিশ্বকাপ দলে বদলি দু-একজন খেলোয়াড় তো রাখতেই হবে। শাহরুখ আহত হলে তাঁর পরিবর্তে খেলানো যেতে পারে ‘আশিকি ২’ তারকা আদিত্য রয় কাপুরকে। কারণ, অভিনয় পেশার বাইরে পাকা ফুটবল খেলোয়াড় হিসেবেও দেখা গেছে আদিত্যকে।
অতিরিক্ত ফুটবলার আরশাদ
‘ধান ধানা ধান গোল’ ছবিতে ফুটবল খেলোয়াড় চরিত্রে দেখা গেছে আরশাদ ওয়ার্সিকে। ছবিটিতে অতিরিক্ত খেলোয়াড় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বলিউড বিশ্বকাপ দলে তাঁকে রাখা হলে সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন আরশাদ।