যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা প্রসঙ্গে

সম্প্রতি যৌথ প্রযোজনায় নির্মিত দুটি চলচ্চিত্র বস-২ ও নবাব নিয়ে স্টুডিওভিত্তিক বাণিজ্যিক ধারার চলচ্চিত্রসংশ্লিষ্টজন ও চলচ্চিত্র প্রযোজক-প্রদর্শক-হলমালিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় ২০১৪ সালের ১৭ জুলাই জারি করা ‘যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা-২০১২ (সংশোধিত)’-এর মধ্যে পরিবর্তন এনে একে ‘যুগোপযোগী’ ও ‘পূর্ণাঙ্গ’ করে নতুন নীতিমালা প্রণয়ন করার ঘোষণা দিয়েছে। প্রথম পক্ষের বক্তব্য যৌথ প্রযোজনার নীতিমালা মেনে চলচ্চিত্র দুটি নির্মিত হয়নি; দ্বিতীয় পক্ষÿএই অভিযোগ অস্বীকার করেছে।
হলমালিকেরাও দুটি চলচ্চিত্র ঈদে মুক্তি না দিলে সিনেমার হল বন্ধ করে দেবেন বলেছিলেন। তাঁদের ধারণা, এ ধরনের চলচ্চিত্র না পেলে সিনেমা হল বাঁচানো যাবে না। কিন্তু তোলা দুধে কি পোলা বাঁচানো যায়? ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদী দর্শনের আলোকে ভিজ্যুয়াল প্লেজার পাওয়ার বিষয়টি বিচার করলে দেখব যে, ইতিহাসের অমোঘ নিয়মেই ভিজ্যুয়াল প্লেজার পাওয়ার কিছু আঙ্গিক বিলীন হয়ে যায়, কিছু টিকে থাকে এবং নতুন কিছু আঙ্গিকের জন্ম হয়। এ নিয়মে এ দেশের সিনেমা হলের অধিকাংশই বিলীন হয়ে যাবে। আবার সিনেপ্লেক্সের আদলে নতুন কিছুর আবির্ভাবও ঘটবে।
দুটিই ফর্মুলাফিল্ম: প্রধান উপাদান উদ্ভট, অবাস্তব, কিছুটা দেশ-কালহীন গিমিকায়িত কাহিনি, মারপিট, রক্ত, চিৎকার, প্রেম, কয়েকটি নাচ-গান, আইটেম সং (যা মূলত নারীদেহ প্রদর্শনের উপায়), পুলিশ ইত্যাদি। দেশীয় প্রযোজনায় নির্মিত রাজনীতিও ফর্মুলাফিল্মই। এতেও উল্লিখিত সব উপাদানই বিদ্যমান। তবে কিছুটা সহনীয় করে পরিবেশিত হয়েছে। সেই তামিল-তেলেগু চলচ্চিত্রের আদলেই চলচ্চিত্র দুটির উপাদানগুলো নির্দিষ্ট—ভালো-মন্দের দ্বন্দ্ব, দুষ্টের দমন, শিষ্টের জয়; চরিত্রায়ণ ও সমাধানও একই রকম। শুধু নাম, স্থান, সংলাপের ভাষা ভিন্ন! অথচ নীতিমালায় বলা আছে, ‘যৌথ প্রযোজনার চলচ্চিত্রে আবহমান বাংলা, বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির সুষ্ঠু প্রতিফলন থাকতে হবে।’ আরও বলা আছে, ‘যৌথ প্রযোজনাকারীরা চলচ্চিত্রের মাধ্যমে দেশের ও জনগণের সামাজিক ও শৈল্পিক ভাবমূর্তি গড়ে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালাবেন।’ আমরা এর কোনোটি কি যৌথ প্রযোজনার চলচ্চিত্র দুটিতে দেখতে পেয়েছি?

প্রথম পক্ষের আপত্তি হচ্ছে, নীতিমালা অনুসারে সমানুপাতিক হারে শিল্পী-কলাকুশলী-লোকেশন নির্বাচনের বিষয়টি মানা হয়নি। নীতিমালায় বলা হয়েছে, ‘প্রতি দেশের শিল্পী ও কলাকুশলীর সমানুপাত সাধারণভাবে সমান রাখতে হবে। একইভাবে চিত্রায়ণের লোকেশন সমানুপাতিক হারে নির্ধারণ করতে হবে।’ যৌথ প্রযোজনায় নির্মিত দুটি চলচ্চিত্রের প্রায় সব লোকেশনই কলকাতা ও ব্যাংকককেন্দ্রিক। তাতে বাংলাদেশে শুটিং কম হওয়ায় এখানকার ইন্ডাস্ট্রিতে অর্থ ব্যয় করা হয়নি, ফলে কলাকুশলীসহ অনেকেই লাভবান হননি। তবে ‘লোকেশন সমানুপাতিক’ রাখার যে কথা নীতিমালায় বলা হয়েছে, তা পুনর্বিবেচনার প্রয়োজন। লোকেশন চলচ্চিত্রে সবচেয়ে বড় চরিত্র। স্থান-কালের ঐক্য বজায় রাখতে গেলে যে লোকেশনে কাহিনি আবর্তিত হয়, সেই লোকেশনেই চরিত্রদের চলাফেরা করতে হবে। এখন যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের কাহিনি শুধু কলকাতা বা ঢাকাভিত্তিক হলে চরিত্ররা একই সঙ্গে কলকাতা-ঢাকার লোকেশনে কীভাবে চলাফেরা করবেন? যদি কাহিনি ঢাকা-কলকাতা আসা-যাওয়া করে সে ক্ষেত্রে তা সম্ভব। তবে এভাবে কয়টি কাহিনি দাঁড় করানো যাবে! এ জন্য বর্তমান নীতিমালায় পরিবর্তন আনা জরুরি।
যৌথ প্রযোজনার সংখ্যাও প্রতিবছরের জন্য নির্দিষ্ট করা দরকার—এ ক্ষেত্রে ফর্মুলাভিত্তিক চারটি, উভয় দেশের সাহিত্যনির্ভর বা মৌলিক কাহিনিনির্ভর চারটি ও দুটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের কথা নীতিমালায় যুক্ত হতে পারে। না হলে একসময় দেশে যৌথ প্রযোজনায় ফর্মুলাভিত্তিক চলচ্চিত্রই শুধু নির্মিত হবে। এতে বাংলাদেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। দেশের চলচ্চিত্রের বাজারও বেদখল হয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের জনরুচি নষ্ট করার সুযোগ যাতে দেশি-বিদেশি পুঁজিপতিরা না পান, তার ব্যবস্থা নতুন নীতিমালায় রাখতেই হবে। শুধু যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র দিয়ে আমাদের সিনেমা হলও টিকিয়ে রাখা যাবে না। নিজেদের সিনে-ইন্ডাস্ট্রি থেকে উৎপন্ন চলচ্চিত্রের মান-সংখ্যা বাড়াতে হবে, বিষয়েও বৈচিত্র্য আনা দরকার। কাজটি স্টুডিওভিত্তিক বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাতাদেরই করতে হবে।
বস্তুত কোনো নীতিমালাই ‘পূর্ণাঙ্গ’ নয়, যুগে যুগে তাকে নতুন সমাজ-প্রতিবেশে নতুন দ্বন্দ্বের সামনে পড়তে হয়, আগে জারি করা নীতিমালায়ও পরিবর্তন আনতে হয়। বর্তমান চলচ্চিত্রবান্ধব সরকার যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত নীতিমালায় সংশোধনী আনার যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই।
লেখক: সহসভাপতি, বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম।