যৌথ নাট্যোৎসব শেষ হলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করেছে নাট্যোৎসব। চার দিনের এই যৌথ নাট্যোৎসব শুরু হয় ৩ ডিসেম্বর। গতকাল সোমবার সন্ধ্যায় উৎসবের শেষ দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক সিদ্ধান্ত। বার্টল্ট ব্রেকটের দি মেজারস টেকেন অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন ইসরাফীল শাহীন।এর আগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক মধ্যমব্যায়োগ। সুবুদ্ধিচরণ গোস্বামীর ভাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন ওয়াহিদা মল্লিক জলি। নাট্যোৎসব প্রসঙ্গে ইসরাফীল শাহীন বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ সীমিত পরিসরে যে নাট্যচর্চা করছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো কিছুটা দুরূহ। সেদিক থেকে এ ধরনের যৌথ আয়োজনের ফলে আমাদের নাটকগুলোকে সাধারণ দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।’