
শিল্পকর্মটির শিরোনাম ‘ফরমালিন মুক্ত’। নানা রকমের দেশি-বিদেশি ফলে সাজানো এটি। মাঝে তরমুজ। ভেতরটা লাল, বাইরে সবুজ। দেখে মনে হচ্ছে এই মাত্র কাটা। পাশে কয়েকটি তরতাজা আপেল। কিছু কাগজের তৈরি পাখি। ফল খেয়ে তাদের কয়েকটি মরে আছে মেঝেতে, বাকিগুলো মৃতপ্রায়। জাতীয় চিত্রশালার প্রদর্শনী কক্ষের এই শিল্পকর্ম সাম্প্রতিক সময়ে ফলে ফরমালিন ব্যবহারের ভয়াবহ চিত্রটি প্রতীকীভাবে তুলে ধরেছে।
চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদের শিল্পীদের এই প্রদর্শনীটি চলছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। কয়েক বছর ধরেই পর্ষদের পক্ষ থেকে চট্টগ্রামের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ঢাকায় প্রদর্শনী হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৮ মার্চ থেকে পর্ষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে শুরু হয়েছে এ প্রদর্শনী। একাডেমীর চিত্রশালায় চলমান পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন চট্টগ্রামের ৫০ জন চিত্রশিল্পী। প্রদর্শনীর শিরোনাম ‘রং ও রূপের কাব্য’।
রঙের ব্যবহার, বিষয়বৈচিত্র্যে প্রদর্শনীটি মুগ্ধ করার মতো। অ্যাক্রিলিক, জলরং, তেলরং, কালি-কলম, লিথোগ্রাফ, মিশ্রমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। চিত্রকর্মের পাশাপাশি ঠাঁই পেয়েছে স্থাপনাশিল্প, বয়ন-বুটিকশিল্প ও ত্রিমাত্রিক মডেল।
গতকাল রোববার দুপুরে দেখা গেল, বেশ কয়েকজন তরুণ-তরুণী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন প্রদর্শনী। যেখানে মেঘে ঢাকা আকাশ থেকে ঝরছে জলের ধারা, তুমুল বৃষ্টিতে ঢেউ উঠেছে নদীতে, সে রকম একটি ছবির সামনে দাঁড়ালেন তাঁরা। মোকাররম হোসেনের আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘এই তো জীবন’। একটু এগোলেই ‘বিশ্রাম’ শিরোনামের আরেকটি চিত্রকর্ম। শেখর মণ্ডলের সিরিজ ছবিতে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটানো মায়াবী মুখাবয়বের এক তরুণীর দেখা মেলে। যাপিত জীবনের নানা খণ্ডচিত্র, প্রকৃতি-পরিবেশ, ঋতুর বৈচিত্র্য, মানবিক অনুভূতির প্রকাশসহ বহুবিধ বিষয়ের এমন দেড় শ ছবি ঠাঁই পেয়েছে চিত্রশালার চতুর্থ তলার গ্যালারিতে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী কয়েকজন শিল্পী হলেন আফরোজা আক্তার, তড়িৎ বড়ুয়া, সামিনা নাফিজ, মোকাররম হোসেন, স্বপন আচার্য, মুক্তারুন নাহার, ফারজানা ইয়াসমিন, পারভেজ সুলতান, বিজয় চন্দ, মহিউদ্দীন আহমেদ প্রমুখ।
প্রদর্শনী চলবে ১১ এপ্রিল পর্যন্ত। সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।