রং তুলিতে অদৃশ্য শক্তির সাধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিমগ্ন হয়ে রনী আহমেদের ‘গডস অ্যান্ড বিস্টস’ প্রদর্শনী দেখছেন এক শিল্পরসিক
নিমগ্ন হয়ে রনী আহমেদের ‘গডস অ্যান্ড বিস্টস’ প্রদর্শনী দেখছেন এক শিল্পরসিক

কল্পিত জগতের ছবি আর অলীক জীবের চমৎকার বর্ণিল প্রতিকৃতি আঁকায় শিল্পী রনি আহমেদের খ্যাতি রয়েছে। তাই তাঁর প্রদর্শনী মানে দর্শকের কাছে ব্যতিক্রমী কিছু। প্রথাগত প্রদর্শনীর ধারণাকে কিছুটা বদলে দিয়ে গুলশানের আর্ট লাউঞ্জে চলছে ‘গডস অ্যান্ড বিস্টস’ নামে রনি আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী।
১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শুরু হয়েছে শিল্পীর চার সপ্তাহব্যাপী একক প্রদর্শনীটি। ওই দিন অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ও স্থপতি সামসুল ওয়ারেস।
৪০টিরও বেশি শিল্পকর্ম আছে এই প্রদর্শনীতে। নানা রকমের ধর্মীয় এবং আধ্যাত্মিক আচারানুষ্ঠান শিল্পীর কাজের অংশ হিসেবে উঠে এসেছে, যার প্রভাব কোনো না কোনো সময়ে বাঙালি সংস্কৃতিতে খুব জোরালোভাবে ছিল। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম এবং সর্বোপরি সুফিবাদ। এসব শিল্পকর্মে অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিকভাবে এসেছে বিংশ শতাব্দীর আমেরিকান কমিক বইয়ের রঙের প্যালেট।
শিল্পী বললেন, ‘এই ছবিগুলোতে ফুটে উঠেছে হিন্দু, বৌদ্ধ, জৈনসহ বিভিন্ন ধর্মের মিথ। যত মত-ই থাক, এক আধ্যাত্মিক শক্তির মাঝেই সব মত আর পথ মিলেমিশে একাকার হয়ে গেছে। রংতুলি দিয়ে সেই অদৃশ্য শক্তির সাধনা করেছি। রয়েছে রাজনীতিও।’
শুধু চিত্রকর্ম নয়, রয়েছে একাধিক স্থাপনাশিল্পও। মূলত রাজনীতির বিষয়টিই এখানে উঠে এসেছে। যে কারণে প্রদর্শনীর শিরোনামে ‘গডস’ এবং ‘বিস্টস’ পাশাপাশি এসেছে। ‘বিস্টস’ প্রসঙ্গে মর্মভেদী একটি ভিডিও শিল্পকর্মে শিল্পী জাগতিক বিষয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মানুষের তৈরি বিপর্যয়।

প্রদর্শনীটি আগামী ১৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।