তাদের কেউ বা বাজারে সবজি কুড়ায়, কেউ পত্রিকা বিক্রি করে, দিনভর টেম্পোচালকের সহকারীর কাজ করে অথবা ভাঙারি সংগ্রহ করে চালিয়ে নেয় তাদের জীবন। অনেকের জীবনের ঠিকানা রাজধানীর কোনো এক ফুটপাত। এসব সুবিধাবঞ্চিত শিশুর অন্য আর দশটা শিশুর মতো রয়েছে সৃজনশীল প্রতিভা। ওদেরও রয়েছে স্বপ্ন, স্বাধ। এর প্রমাণ মিলল শনিবার সকালে শুরু হওয়া ‘আমাদের স্বপ্ন’ শীর্ষক চিত্র প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় এ প্রদর্শনী প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করেছে পিএসটিসি পরিচালিত ‘হেল্পিং চিলড্রেন ওয়ার্কিং অ্যান্ড লিভিং অন দ্য স্ট্রিট প্রকল্প’।প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ ফারুক হোসেন, প্ল্যান বাংলাদেশের ঢাকা শাখার ব্যবস্থাপক আবদুল মান্নান, পিএসটিসির নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল। জাতীয় জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।শিল্পী মুস্তাফা মনোয়ার শিশুদের বলেন, ‘তোমরা সবকিছু দেখবে, সবকিছু আঁকবে। ছবি আঁকার সবচেয়ে বড় নিয়ম হলো, ছবি আঁকার কোনো নিয়ম নেই।’আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুরা যেন সকল সুবিধা পায়, আমাদের সে সুযোগ দিতে হবে। এই দেশে একজন শিশুও যদি সুবিধাবঞ্চিত থাকে, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমার গড়তে পারব না। প্রতিটি শিশুর জন্য সকল মৌলিক সেবার ব্যবস্থা করতে হবে।’ শিশুদের তিনি সাহস রেখে জীবনে এগিয়ে যেতে বলেন।সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবিগুলো এককথায় চমৎকার। তাদের তুলির আঁচড়ে উঠে এসেছে স্বদেশের মুখ। চিত্রিত হয়েছে আবহমান গ্রাম-বাংলার অপরূপ রূপ। রং আর রেখায় বর্ণিত হয়েছে নাগরিক জীবনচিত্র আর অসহায় পথশিশুদের জীবনকথা। মোট ২৮ জন শিশুর ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। তাদের আঁকা ছবিতে মৎস্যকন্যার কথা, দুরন্ত শৈশবের গল্প, ঝরাফুল ও ঝরাপাতার বর্ণনা, কাশফুলে স্নিগ্ধ শরতের দৃশ্য, মুক্তিযোদ্ধার সাহসিকতার আখ্যান, চা-শ্রমিকের শ্রমের কথা, ফুটপাতে ঘুমিয়ে থাকা পথশিশুর জীবন-কষ্টের বিবর্ণ চিত্রসহ নানা বিষয়। তিন দিনের এ প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত।